নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের উপর দিয়ে ছুটবে বুলেট ট্রেন। পশ্চিমবঙ্গে সরকার বদলের আগে যে রেল মানচিত্রে জমি অধিগ্রহণ নিয়ে তৃণমূল সরকারের সঙ্গে কেন্দ্রের রেলমন্ত্রকের কার্যত যুদ্ধ লেগে থাকত। এবার সেই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হতেই রেলের উন্নয়নের গতিও বুলেটের মতোই এগোচ্ছে। শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী ঘোষণা করলেন আগামী দিনে পশ্চিমবঙ্গের সঙ্গে বুলেট ট্রেন চলার পরিকাঠামো শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বাংলার দিকে নজর রেখেছেন। কিন্তু তৃণমূল সরকার বারবার অসহযোগিতা করেছে।
রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণর ঘোষণা, আগামী দিনে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছতে বুলেট ট্রেনে সময় লাগবে ৬ ঘণ্টা। মন্ত্রীর কথায়, দিল্লি, লখনউ, বারানসি, পাটনা থেকে শিলিগুড়ি পর্যন্ত জুড়বে বুলেট ট্রেন পরিষেবা। এর জন্য রেল লাইনে বিশেষ পরিকাঠামো হবে বলে রেল সূত্রে খবর।
সব ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিলের মধ্যে ভারতে চালু হবে প্রথম বুলেট ট্রেন। ঘণ্টায় ২৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ছুটবে। ভারত ইতিমধ্যেই জাপানি শিনকানসেন প্রযুক্তি ব্যবহার করে মুম্বই-আহমেদাবাদ দ্রুতগতির রেল প্রকল্পের কাজ করছে। ট্রেনটির নাম ‘বি২৮’। বেঙ্গালুরুতে এই বুলেট ট্রেন তৈরি হচ্ছে। এই বিশেষ উদ্যোগের লক্ষ হল দীর্ঘমেয়াদে দেশীয় দক্ষতা বৃদ্ধি করা এবং বিদেশি ব্যবস্থার উপর নির্ভরতা কমানো। বুলেট ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধা, যাত্রীদের জন্য উন্নত এবং অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা থাকবে। জানা গিয়েছে, ট্রেনটি ভারতের জলবায়ুর কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে।
মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পেও বড় মাইলফলক অর্জন করেছে রেল। এই হাই স্পিড রেল করিডোরের কাজকে এগিয়ে নিয়ে যেতে মহারাষ্ট্রের তৃতীয় পাহাড়ি সুরঙ্গে খনন কাজ শেষ হয়েছে। মহারাষ্ট্রের পালাঘর জেলার দাহানু তালুকের আম্বেসারি গ্রামে MT-07 সুড়ঙ্গের ব্রেকথ্রু বা দু প্রান্তের খনন কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বুলেট ট্রেন চলাচলের জন্য তৈরি সুড়ঙ্গটি লম্বায় ৪১৭ মিটার এবং চওড়ায় ১৪.৪ মিটারের কাছাকাছি। এই সুড়ঙ্গটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপ এবং ডাউন উভয় দিক থেকেই যাতায়াত করতে পারে বুলেট ট্রেন। রেল সূত্রে খবর, বুলেট ট্রেন প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ কাটার ক্ষেত্রে ড্রিলিং এবং ব্লাস্টিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম এবং মেশিন দিয়ে কাটা হয়েছে সুড়ঙ্গ।
বিশেষজ্ঞরা বলছেন, বুলেট ট্রেন প্রকল্পের অন্যতম চ্যালেঞ্জিং সুড়ঙ্গ কাটার কাজ শেষ হওয়ায় মুম্বই-আহমেদাবাদ প্রকল্প অনেকটাই গতি পেল। প্রসঙ্গত, দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে মোট ৮টি সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। যার মধ্যে সাতটিই রয়েছে মহারাষ্ট্রের পালাঘর জেলায়। বাকি একটি রয়েছে গুজরাটে। এই সুড়ঙ্গগুলির মধ্যে বর্তমানে MT-4 সুড়ঙ্গের নির্মাণ কাজ এখনও বাকি। এছাড়াও MT-3 সুড়ঙ্গের কাজও চলছে। পাশাপাশি MT-1 এবং MT-2 দুই সুড়ঙ্গেরই কাজ এগোচ্ছে দ্রুত গতিতে।