অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি শুনল না কলকাতা হাইকোর্ট

16

পৃথা দাশগুপ্ত,কলকাতা: তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ। তার বিরোধিতা করে দায়ের করা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন।

আদালত জানিয়েছে, এর আগে মামলাটি বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ শুনেছিল এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চ ঘুরে এই আদালতে এসেছে। তাই বর্তমান পরিস্থিতিতে এই মামলার দ্রুত শুনানি কোনওভাবেই সম্ভব নয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য আজ জানান, মামলাটি ক্রম তালিকা অনুযায়ী ডিসেম্বরছ শুনানির জন্য তালিকাভুক্ত। কিন্তু প্রতিদিন সংবাদমাধ্যমে তাঁর মক্কেলের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত নানা খবর প্রকাশিত হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত শুনানি না হলে মামলাটি অবকাশকালীন বেঞ্চে পাঠানোর আবেদন জানান তিনি।

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়, যে চাইলেই সব মামলা সেখানে পাঠিয়ে দেওয়া যাবে।”

নির্ধারিত সময়েই মামলার শুনানি হবে বলে স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।