পৃথা দাশগুপ্ত, কলকাতা: গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। পুজো প্যান্ডেলে এন্ট্রি পাস বিক্রির অভিযোগ।
আজ সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। দীর্ঘ শুনানি শেষে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রেও কোনও বাধা থাকল না।
অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করা হয়েছিল। দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই বউবাজার থানার পুলিশ এফআইআর দায়ের করে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। ইডি তদন্ত করছে।
ইডি কয়েক দফায় একাধিকবার ইন্দ্রনীল সেন এবং তাঁর একাধিক আত্মীয়কে জেরা করেছে। এরমধ্যেই গ্রেপ্তারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ইন্দ্রনীল সেন। তবে আজ এই মামলার শুনানিতে সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।