পৃথা দাশগুপ্ত,কলকাতা: তরুণীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন। সকালেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়ে ছইল পুলিশের বিশাল বাহিনী। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীও। বাড়ির সামনে ডিম হাতে ভিড় জমিয়েছিল উত্তেজিত জনতা। কিন্তু কিছুতেই কাউন্সির জসিমুদ্দিন দরজা খুলছিলেন না বলে অভিযোগ। অবশেষে বেশ কয়েক ঘণ্টা পর কাউন্সিলর দরজা খুলতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা মহম্মদ জসিমুদ্দিনের প্রতিবেশী। শনিবার রাতে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগ, কলাবাগান এলাকার ফাঁকা রাস্তায় তরুণীকে প্রথমে কটুক্তি, প্রতিবাদ করলে ওই তরুণীর উপর চড়াও হন তাঁরা। তরুণীকে চড়, লাথি মারা হয় বলে অভিযোগ। মহম্মদ জসিমুউদ্দিন সহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। পকসো আইনে মামলা রুজু হয় অভিযুক্তদের বিরুদ্ধে।
প্রতিবেশীরা জানিয়েছেন, ওই তরুণী মধ্য কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেও একাধিকবার ওই তরুণীকে হেনস্থা করা হয় বলে কাউন্সিলার এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ। রাতেই জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবার। রাতে কলাবাগানে বেশ কিছু সিসিটিভি ভাঙা হয়। সকাল হতেই কাউন্সিলরের বাড়ির এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।