পুজোর মধ্যেই অসমে চলছে উচ্ছেদ

16

নিউজ ডেস্ক: উৎসবের আনন্দে ভাটা! ডবকার যমুনা মৌডাঙা সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান। প্রশাসনের বুলডোজারে ভাঙা পড়ছে ১৫২ পরিবারের বাড়ি। গত জানুয়ারিতে প্রথম পর্যায়ের উচ্ছেদে গৃহহীন হয়ে পড়েছিলেন হাজারো পরিবার। সংরক্ষিত বনাঞ্চলের জমি দখল করে বসবাসের অভিযোগেই প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। প্রথম পর্যায়ের উচ্ছেদের সময় ১৫২ পরিবার মামলা করেছিলেন গুয়াহাটি হাইকোর্টে। সেই মামলায় সরকারের পক্ষেই রায় দেয় আদালত। এরপরই শুরু হয় বুলডোজারের অ্যাকশন।
এদিকে, কামপুরেও চলে প্রশাসনের বুলডোজার। নগাঁওয়ের বরপানি সংরক্ষিত বনাঞ্চলের ২১৬ হেক্টর জমিতে চলে উচ্ছেদ। ভাঙা পড়েছে ৩৩৬ পরিবার ঘর। গত ১৬ আগস্ট বনবিভাগের তরফে দেওয়া হয়েছিল নোটিশ। সেসময় অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। কিন্তু, কিছু পরিবার পড়েছিলেন জমি আঁকড়ে। ঘরবাড়ি হারিয়ে দুর্দশায় বহু বাসিন্দা।
অন্যদিকে, দুর্গাপুজোর সপ্তমীর সকালে উচ্ছেদ শুরু হয় মেরাপানির নেঘেরিবিলে। উচ্ছেদ ঠেকাতে ৫৯ পরিবার গিয়েছিল আদালতে। সেসময় সাময়িকভাবে উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছিল আদালত। কিন্তু, পরে সেই মামলায় প্রশাসনের পক্ষেই রায় দেয় কোর্ট। এরপরই উচ্ছেদে নামে বনবিভাগ। শুক্রবার থেকেই অঞ্চলে মোতায়েন করা হয় আধা-সামরিক বাহিনী। প্রথম পর্যায়ে নেঘেরিবিলে ভাঙা পড়েছিল ১৪৬ পরিবারের বাড়ি।