নিউজ ডেস্ক: মেঘালয়ের গারো পাহাড়ে পুলিশের এনকাউন্টারে মৃত্যু ৪ দুষ্কৃতীর। রবিবার পূর্ব গারো পাহাড় জেলার সোংসাকে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে চার দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।
সম্প্রতি অসম-মেঘালয় সীমান্তে বেশকিছু ঘটনা ঘটেছে। অসমের গোয়ালপাড়া জেলার দামরা বাজারে সম্প্রতি এক ব্যবসায়ী খুনে মেঘালয়ের একটি দুষ্কৃতী গ্যাংয়ের নাম উঠে এসেছিল। এ ছাড়া আরও কয়েকটি অপরাধমূলক ঘটনার জন্য সোংসাকে এলাকায় পুলিশের টহল চলছিল কয়েকদিন ধরেই।
এনকাউন্টারে মৃত ৪ দুষ্কৃতীর পরিচয় এখনও প্রকাশ করেনি মেঘালয় পুলিশ। পুলিশের একটি সূত্র জানাচ্ছে যে গোয়ালপাড়ায় ব্যবসায়ী হত্যায় এই দুষ্কৃতী দল জড়িত থাকতে পারে। নাকা তল্লাশি চলাকালীন রবিবার গভীর রাতে একটি গাড়িকে থামানোর চেষ্টা করে পুলিশ। গাড়ি থেকে পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। প্রত্যুত্তরে পুলিশও গুলি চালায়। গাড়িতে থাকা চারজনের মৃত্যু হয়েছে, দাবি মেঘালয় পুলিশের।
Prev Post