নিউজ ডেস্ক: ৩৬ দিন ধরে হাজার হাজার শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও আন্দোলনকারীর ঠিকানা হয়ে উঠেছিল যন্তর মন্তর। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সিজেপি (CJP)-র প্রধান দাবিগুলো কেন্দ্রের মোদী সরকার মেনে নেওয়ার পর, অনেকেই অবশেষে বাড়ি ফেরার জন্য নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করেন। নামকরা মেডিকেল কলেজগুলোতে ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির অভিযোগ ওঠে। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি যুব সংগঠন। গত কয়েক দিনে যন্তর মন্তরের চেহারা একদম বদলে গিয়েছিল। চার দিকে শুধু প্রতিবাদী স্বরের কলরব। শনিবার দুপুরের পর থেকেই আবার চেহারা বদলাতে শুরু করে যন্তর মন্তরের।সিজেপি শনিবারই ঘোষণা করে দিয়েছে যে, তারা যন্তর মন্তর থেকে বিক্ষোভ-অবস্থান তুলে নিচ্ছে।

সিজেপির তরফে আন্দোলনকারী ও সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।শনিবার রাত থেকে সেই কলরব থেমে গিয়ে আবার আগের চেহারায় ফিরে আসা শুরু করেছে যন্তর মন্তর। মঞ্চ খোলা হচ্ছে। এই কয়েক দিনে যে আবর্জনার পাহাড় জমেছে, তা নিজে হাতে পড়ুয়ারাই পরিষ্কার করেছেন। আপাতত একরাশ স্বস্তি নিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন প্রতিবাদীরা।অন্যদিকে রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।