অভিষেকের বাড়ির কোন অংশ অবৈধ? ৭ দিনের মধ্যে পুরসভাকে জানাতে হবে কলকাতা হাইকোর্টে

6

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। তৃণমূল সাংসদের বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে একাধিক নোটিস দিয়ছে কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় অবৈধ নির্মাণ রয়েছে? সম্পত্তির কোন অংশ নিয়ে আপত্তি? কতটা অংশ জুড়ে সমস্যা? এই বিষয়ে কলকাতা পুরসভাকে তথ্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে জানাতে হবে সেই তথ্য। বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

বাড়ির অবৈধ অংশ কতটা, তা জেনে আগামী ২ সপ্তাহের মধ্যে তার জবাব দেবেন সম্পত্তির মালিকরা। ৪ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এর মধ্যে বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ চালিয়ে যেতে পারবে কলকাতা পুরসভা। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি স্মিতা দাস দে।

অভিষেকের বাবা-মা কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, তাঁদের ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে নোটিস পাঠিয়েছে পুরসভা। কলকাতা হাইকোর্টের কাছে তাঁদের আবেদন, এই বাড়ি বৈধভাবে নির্মিত। তারপরও বেআইনি নির্মাণ নিয়ে নোটিস পাঠিয়েছে পুরসভা। তাই, নোটিসটি খারিজ করা হোক।

শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয়, তাঁর মায়ের নামে থাকা কালীঘাটের বাড়ি নিয়েও নোটিস দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁদের বাড়ির বিশেষ অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটির মালিকানা রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে।

৪ সপ্তাহ পর কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়, নজর সকলের।