গ্রেফতার কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত
পৃথা দাশগুপ্ত, কলকাতা: একের পর এক কলকাতা পুরসভার কাউন্সিলর গ্রেফতার। পুলিশের হাতে ধরা পড়লেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ। পাটুলির ঝিলপাড়ের দোকান থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। শুধু বাপ্পাদিত্য দাশগুপ্তই নয়, একই মামলায় বাপ্পাদিত্যর সঙ্গী সৌরভ ঘোষকেও গ্রেফতার করেছে পুলিশ। তোলাবাজি এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, মানুষকে ভয় দেখানো, মারধর করা থেকে শুরু করে ব্যবসায়ীদের থেকে লক্ষ লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছে। ভয়ে ব্যবসা করতে পারতেন না স্থানীয় ব্যবসায়ীরা। এই নিয়ে মোট ৭ জন তৃণমূল কাউন্সিলরকে এখনও পর্যন্ত গ্রেফতার করল পুলিশ।
জানা যাচ্ছে, পাটুলি ঝিলপাড়ের পাশে যে দোকান আছে, সেই দোকান পিছু পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করেছিলেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তাঁর ঘনিষ্ঠ সৌরভ ঘোষ। তোলার টাকা না দেওয়ায় দোকান দেওয়া হয়নি বলেও দাবি অভিযোগকারীদের। এমনকি বাপ্পাদিত্য দাশগুপ্তকে থানায় নিয়ে এলে থানার বাইরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
শনিবার মধ্যরাতে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে যায় পুলিশ। বাড়ি থেকে আটক করে প্রথমে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায় তিনি গ্রেফতার হয়েছেন। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বাপ্পাদিত্য দাশগুপ্ত ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ আছে। আজ বাপ্পাদিত্য দাশগুপ্তকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, আদালতে পেশ করে তাঁরা বাপ্পাদিত্যকে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানাবেন।