পৃথা দাশগুপ্ত,কলকাতা:হাইকোর্টে বড় ধাক্কা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতিতে “না” কলকাতা হাইকোর্টের। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ , রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে। তাঁর আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি জানান। সেই আবেদন মেনে ৬ অক্টোবর পর্যন্ত তা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু শর্ত আরোপ করেছে কলকতা হাইকোর্ট। ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল তাঁর। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি।
বিচারপতির প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দোপাধ্যায়।
বিচারপতি জানান, আদালত কখনওই চাইবে না আবেদনকারীর চিকিৎসায় কোনও সমস্যা হোক। বিচারপতির নির্দেশ, প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে তিনি চোখ সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করে রিপোর্ট জমা দিন। তা দেখে আদালত ঠিক করবে যে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে কিনা।
বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির উদ্দেশে ‘ডিজে’ বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই মন্তব্য সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে আজ হাই কোর্ট একথা জানিয়েছে।