রবিবার সাড়ে ৯ ঘণ্টা আংশিক মেট্রো বন্ধ

36

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ফের সমস্যায় পড়বেন মেট্রো যাত্রীরা। ব্লু লাইনে আংশিক ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। তার ফলে বেশ কয়েকটি স্টেশনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১৩ সেপ্টেম্বর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পাওয়া যাবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লু লাইনে গীতাঞ্জলি অর্থাৎ নাকতলা ও কবি নজরুল অর্থাৎ গড়িয়া বাজার স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।

রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের পর আশা করা যায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা চালু হবে। তবে সেটা পুরোটাই নির্ভর করছে কাজের ওপর।