গ্রেফতার মিনার মণ্ডল

26

পৃথা দাশগুপ্ত,কলকাতা:গ্রেফতার মিনার মণ্ডল। বীরভূমের পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা। উদ্ধার হয়েছে প্রায় ১৫ কেজি সোনা। তদন্তকারীদের অনুমান, নগদ আর সোনা মিলিয়ে সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

মঙ্গলবার রাত প্রায় তিনটে নাগাদ মহম্মদবাজারের ডেউচায় মিনারের বাড়িতে পৌঁছয় পুলিশ। পরে তাঁকে পুলিশের একটি দল মহম্মদবাজার থানায় নিয়ে যায়। অন্য একটি দল বাড়িতে তল্লাশি শুরু করে। থানায় মিনারকে জিজ্ঞাসাবাদে আলমারি ও অন্য জায়গায় টাকা রাখার কথা জানা যায়। এত বিশাল পরিমাণ টাকা গুণতে বুধবার সকালে নোট গোনার পাঁচটি যন্ত্র ও পাঁচটি বড় ট্রাঙ্ক আনা হয়। মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বুধবার রাতে সিউড়িতে বীরভূমের পুলিশ সুপারের অফিসে নিয়ে যাওয়া হয়।

আজ সকাল থেকে মহম্মদবাজারের ডেউচায় মিনারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। গতকাল থেকেই বাহিনী মোতায়েন করা আছে। আজ কড়া নিরাপত্তায় মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা বের করে আনাা হয়। পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাইকোয়াদ নীলেশ শ্রীকান্ত বলেন, ‘বাড়িটি যার ছিল, সেই মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু এখান থেকে অনেক জিনিস পাওয়া গিয়েছে, তাই এই মুহূর্তে বাড়িটিকে সিল করা হয়েছে।’

মিনার মন্ডলের স্ত্রীর দাবি, ‘টুলু মণ্ডল এক বছর আগে এই টাকা রেখে গিয়েছিলেন। আমাদের বলা হয়েছিল, কাগজ রয়েছে। আলমারির চাবিও ছিল টুলু মণ্ডলের কাছেই। আমাদের সংসার চলে পেনশনের টাকায়। আমরা এ সবের কিছুই জানতাম না।’

উদ্ধার হওয়া টাকা ও সোনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছিলেন, ‘সূত্র মারফত খবর পেয়ে বীরভূম পুলিশ বালি মাফিয়া টুলু মণ্ডলের গোপন ডেরায় অভিযান চালিয়ে ১৫ কেজি সোনা ও ২৮.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।‌ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সই মূল নীতি। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান অব্যাহত থাকবে।’ পুলিশের এই অভিযানের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী।