রাজ্যে বাড়ছে মরাল পুলিশিং! কাছাড়ে বাংলাদেশী সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর

39

প্রদীপ্ত পুরকায়স্থ: রাজ্যে দিন দিন বাড়ছে মরাল পুলিশিং-এর ঘটনা। শ্রীভূমির পাথারকান্দির ঘটনার রেশ না কাটতেই ফের কাছাড়ে মরাল পুলিশিং-এর ঘটনা। বাংলাদেশী সন্দেহে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা।

সোমবার রাতে ভারত-বাংলা সীমান্তের কাটিগড়ার সৈয়দপুরে এক যুবককে কিছু দুষ্কৃতী বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন এলাকারই বাসিন্দা ইমরান হুসেন তপাদার। সৈয়দপুর এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। ইমরানকে বাংলাদেশী বলে শুরু করে মারধর। রাস্তায় ফেলে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। একসময় আক্রান্ত যুবক চিৎকার চেঁচামেচি শুরু করলে সীমান্তে নিয়োজিত বিএসএফ জওয়ানরা সেখানে উপস্থিত হন। বিএসএফ এসেছে টের পেয়ে ইমরানকে রাস্তায় ফেলেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বিএসএফ জওয়ানরা আহত ইমরানকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ইমরানের অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর এলাকা চাপা উত্তেজনা রয়েছে। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ইমরানের পরিবার সহ স্থানীয়রা।

উল্লেখ্য, গত সপ্তাহেই শ্রীভূমির পাথারকান্দিতে দুই যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করে একাংশ মানুষ। অভিযুক্তদের গ্রেফতারও করে পুলিশ। কিন্তু তারপর আবারও কাছাড়ে এধরনের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। কেন মরাল পুলিশিং এর ঘটনা বাড়ছে রাজ্যে। আইন হাতে তুলে নিয়ে মারধর করা কি আদৌ যুক্তিসঙ্গত? মরাল পুলিশিং-এর ঘটনা রুখতে সরকার কড়া পদক্ষেপ নেবে?