পৃথা দাশগুপ্ত,কলকাতা:বাতিল উত্তরবঙ্গের ট্রেন। পূর্ব রেলের হাওড়া-মালদা ডিভিশনে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস । রেললাইন মেরামতির সময় নতুন করে আবার ধ্বস। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেন চলাচল ব্যহত হচ্ছিল। ফরাক্কার উপর দিয়ে যাওয়ার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।। চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। আর সুযোগ বুঝে চড়া দাম হাঁকছে বাস।
সাধারণ মানুষ যখন ভোগান্তি শিকার হন, তখন তারা দ্বিতীয় পথ খোঁজেন। উত্তরবঙ্গের ট্রেন গন্ডগোলের জেরে বাসের দিকে স্বাভাবিকভাবেই ঝুঁকছেন যাত্রীরা। শিলিগুড়িগামী বাসের টিকিটের মূল্য আকাশছোঁয়া।
ভলভো বাসের টিকিটের দাম ৪০০০ টাকা- ৫০০০ টাকা
শ্যামলী পরিবহনের আজ রাতের বাস ভাড়া ৫ হাজার টাকা।
ডায়নামিক ফেয়ার -এ ইজি রাইডেও বাস ভাড়া দেখাচ্ছে ৪৪৫০ টাকা।
কার্যত বিমান ভাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে বাস ভাড়া
ধর্মতলা থেকে সকাল বেলা ছ’টি বাস ছেড়েছে উত্তরবঙ্গের জন্য
সকাল ১১টা নাগাদ একটি বাস ছেড়েছে, যেটি বহরমপুর যাবে
তারপর যাত্রীরা বহরমপুর থেকে নিজেদের গন্তব্যে যাবেন
বেসরকারি বাসগুলি বেশি ভাড়া নিয়ে সুযোগ নিতে চাইছে বলে অভিযোগ যাত্রীদের।
শিলিগুড়িতেও একই ছবি। ট্রেন বাতিল হওয়ার পর, বৃহস্পতিবার রাত থেকেই বাড়তে শুরু করেছে বাস ও বিমানের ভাড়া। শিলিগুড়ি-কলকাতা বাসের ভাড়া গড়ে ১৬০০ টাকার আশেপাশে ছিল। আজ সকাল থেকেই তা গড়ে ৩০০০ থেকে ৫০০০ টাকায় পৌঁছেছে। ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত যাত্রীদের।