মুর্শিদাবাদে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস রেলের

55

পৃথা দাশগুপ্ত,কলকাতা: মুর্শিদাবাদের ঘটনায় প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষের অনুমান, গেটম্যানের গাফিলতির কারণেই খোলা লেভেল ক্রসিংয়ে ঢুকে পড়েছিল স্কুলভ্যান। সম্ভবত গেটম্যান মদ্যপ ছিলেন, তাই এত বড় দুর্ঘটনা। অভিযুক্ত গেটম্যান অনুপ কর্মকারকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। তাঁর বিভাগীয় সুপারভাইজারকে সাসপেন্ড করেছে রেল। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্ত শুরু করেছে রেল। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আহত ৫ জন। তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস রেল কর্তৃপক্ষের।

সাতসকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু ৩। একটি স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে ধাক্কা দ্রুত গতিতে আসা নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। ধাক্কার দুমড়েমুচড়ে যায় গাড়ি। ভিতরে আটকে পড়ে খুদে যাত্রীরা। তড়িঘড়ি পুলিশ গিয়ে শুরু করে উদ্ধারকাজ। মৃত্যু হয়েছে ২ পড়ুয়া-সহ মোট তিনজনের। গুরুতর আহত বেশ কয়েকজন। স্থানীয়দের দাবি, লেভেল ক্রসিং খোলা ছিল। সেই সময়ই চলে আসে ট্রেন। গেটম্যানের মধ্যপ অবস্থায় ছিল প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর।

মুর্শিদাবাদের বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে ২৪এ/২ নম্বর রেলগেট। সকাল ৭ টা নাগাদ একটি ট্রেন পাস করে। তার জন্য বন্ধ রাখা হয়েছিল রেল গেট। ট্রেনটি যাওয়ার পর গেট খুলতেই স্বাভাবিকভাবেই আটকে থাকা গাড়ি রেল লাইন পার করতে শুরু করে। অভিযোগ, সেই সময় আচমকাই দ্রুত গতিতে ধেয়ে আসে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। সজোরে গিয়ে ধাক্কা মারে ওই পুলকার ও একটি সাইকেল আরোহীকে। চোখের নিমেষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়ে কমপক্ষে ৮ জন খুদে পড়ুয়ার।

প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মোট ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা চিকিৎসাধীন। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কিন্তু কেন এই দুর্ঘটনা? গাফিলতি কার? কীভাবে গেট খোলা থাকাকালীন ট্রেন এল? গেটম্যানের ভূমিকা কী, তা নিয়ে প্রশ্ন উঠছে।
পাশাপাশি সিগন্যালে কোনও সমস্যা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন রেলের আধিকারিকরা। হাওড়া থেকে ঘটনাস্থলে যাচ্ছেন চার সিনিয়র অফিসার। উচ্চ পর্যায়ের তদন্ত হবে জানিয়েছে প্রশাসন।