ফ্রিজে স্ত্রীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার, আত্মসমর্পণ অভিযুক্ত স্বামীর

82

নিউজ ডেস্ক: গুয়াহাটির হাতিগাঁও এলাকায় ২৫ বছর বয়সি রিয়া তালুকদার গোস্বামীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রামানুজ গোস্বামী হাতিগাঁও থানায় আত্মসমর্পণ করেছেন। হাতিগাঁওয়ের বশিষ্ঠপুর বাইলেনের একটি ফ্ল্যাটে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তকারীরা চাঞ্চল্যকর ও মর্মান্তিক তথ্য উদঘাটন করার পরই এই ঘটনাটি সামনে আসে। প্রাথমিক তথ্যানুযায়ী, রিয়ার মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং কালো পলিথিন ব্যাগে মুড়িয়ে সেটি একটি রেফ্রিজারেটরের ভেতর রাখা হয়েছিল। এ ছাড়া রিয়ার হাতের আঙুলগুলোও কাটা অবস্থায় পাওয়া গেছে।
ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে সেখান থেকে রিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘর থেকে একটি ধারালো অস্ত্র এবং বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে এবং ফ্ল্যাটের সবকিছু এলোমেলো অবস্থায় ছিল।
রিয়া ও রামানুজন প্রায় ছয় মাস আগে বিয়ে করেছিলেন এবং ওই ফ্ল্যাটে থাকতেন। উবর চালক হিসেবে কর্মরত রামানুজনের আদি বাড়ি গৌরীপুরে। জানা গেছে, যে জমিতে অ্যাপার্টমেন্টটি তৈরি হয়েছিল, তা রামানুজনের বাবার মালিকানাধীন ছিল। পরে জমিটি এক নির্মাণ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয় এবং চুক্তির অংশ হিসেবে রামানুজনের বাবাকে সেখানে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছিল।
রিয়া নুনমাটির বাসিন্দা ছিলেন এবং ফ্যান্সিবাজারের এসি মার্কেট এলাকার একটি বুটিকে কাজ করতেন। রিয়ার বাবা-মা বেঁচে নেই, তাঁর একটি ভাই আছে।
হত্যার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি; কী কারণে এই ঘটনাটি ঘটল, জানতে পুলিশ ওই ফ্ল্যাটের বিভিন্ন প্রমাণ খতিয়ে দেখছে।
রবিবার, ৬ সেপ্টেম্বর গুয়াহাটির হাতিগাঁও এলাকার বশিষ্ঠপুর বাইলেনের একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সি এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। ‘অঞ্জলি গৃহ’ নামের একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ভবনের বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন যে, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত। প্রতিবেশীদের দাবি, শনিবার ফ্ল্যাট থেকে উচ্চস্বরে গোলমালের শব্দ শোনা গিয়েছিল এবং এরপরই কোনও নারীর কান্নার শব্দ পাওয়া গিয়েছিল।
বাসিন্দাদের মতে, গোলমালের সময় কেবল রামানুজনের কণ্ঠস্বরই শোনা যাচ্ছিল এবং তাঁকে বেশ ভীত ও বিপর্যস্ত মনে হচ্ছিল।