পৃথা দাশগুপ্ত, কলকাতা: বৃহস্পতিবার পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের বিপন্নতার ছবি প্রকাশ্যে আনেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সোমবার সাংসদ হাসপাতালে গিয়ে দেখেন হাসপাতালের বেহাল অবস্থা। গোটা বিষয়টি তিনি স্বাস্থ্যমন্ত্রীকে জানান।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া অ্যাকশনে স্বাস্থ্য দফতর। আজ, স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক। দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের এম এস ভি পি -সহ ৮ জনকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যের হাল ফেরাতে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলোকে নিয়ে বৈঠকে বসবে স্বাস্থ্য দফতর।
গতকাল নন মেডিক্যাল সুপারিনটেনডেন্টদের ডাকা হয়। কিন্তু ৬ জনের মধ্যে মাত্র একজন উপস্থিত ছিলেন। কার অনুমতি নিয়ে তাঁরা সবাই ছুটিতে চলে গেলেন? প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, এরপরই কড়া পদক্ষেপ করে স্বাস্থ্যদফতর। রাজ্যের সমস্ত স্বাস্থ্য দফতরের সুপারিনটেনডেন্ট, এম এস ভি পি-সহ আধিকারিকদের থাকতে হবে এই বৈঠকে। যাঁরা এই বৈঠকে যোগ দিতে পারবেন না, তাঁরা ভিডিয়ো কলে থাকবেন বলেও নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে।