নিউজ ডেস্ক: এবারের বিশ্বকাপে গোটা বিশ্বের নজর যার উপর তাঁর নাম লিওনেল মেসি। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে নামবেন। ইতিমধ্যেই অবিশাস্য সব রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল। এবারের বিশ্বকাপেও একাধিক রেকর্ডের হাতছানি রয়েছে ফুটবলের রাজপুত্রের সামনে।
লিওনেল মেসি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে রেকর্ড ১৯টি ম্যাচে মাঠে নেমেছেন। তাঁর পরেই রয়েছেন রাফা মার্কেজ ১৭টি ম্যাচ এবং দিয়েগো মারাদোনা ১৬টি ম্যাচ। মারাদোনা এবং মেসি যৌথভাবে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করার সুযোগ বা চ্যান্স তৈরি করার রেকর্ড ধরে রেখেছেন, যার সংখ্যা ৬৭। বিশ্বকাপের ইতিহাসে মেসি সবচেয়ে বেশি সময় বা মিনিট মাঠে খেলার রেকর্ড গড়েছেন,যার পরিমাণ ২,৩১৪ মিনিট। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি পাওলো মালদিলির ২,২১৭ মিনিটের আগের রেকর্ডটি ভেঙে ফেলেন।
পাঁচটি ভিন্ন বিশ্বকাপে অ্যাসিস্ট বা গোল করতে সহায়তা করা একমাত্র ফুটবলার হলেন লিওনেল মেসি। তাঁর সবচেয়ে কাছাকাছি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন পেলে, গ্রেগর্জ লাতো, দিয়েগো মারাডোনা এবং ডেভিড বেকহ্যাম, যাঁরা প্রত্যেকে তিনটি করে বিশ্বকাপে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন।
পেলে এবং মেসি বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার যৌথ রেকর্ডের মালিক, যার সংখ্যা ৬। এর পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা অর্থাৎ গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে মোট ২১টির অনন্য রেকর্ডটিও তাঁদের দুজনের দখলে রয়েছে।
মেসি যখন বিশ্বকাপে তাঁর প্রথম গোলটি করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর ৩৫৮ দিন, যা তাঁকে বিশ্বকাপের ইতিহাসের সপ্তম সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা দেয়। এই তালিকার শীর্ষে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোল করেছিলেন।
মেসি একমাত্র খেলোয়াড় যিনি কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব, শেষ ১৬ , কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করার অবিশ্বাস্য নজির গড়েছেন । বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির দখলে, তিনি মোট ১৩টি গোল করেছেন। তাঁর পেছনে রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ১০ গোল, দিয়েগো মারাদোনা ৮ গোল, গুইলারমো স্ট্যাবিল ৮ গোল, মারিও কেম্পেস ৬ গোল এবং গঞ্জালো হিগুয়েন ৫ গোল।
লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের রোনাল্ডোর ১৫ গোল ছুঁতে মেসির আর মাত্র দুটি গোল প্রয়োজন । মেসি ফুটবলের ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি নিজের কৈশোর , ২০ এর কোঠা. এবং ৩০ এর কোঠায় বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন। পেলে মাত্র চার মাসের ব্যবধানে এই কীর্তি গড়তে ব্যর্থ হন। মেসির প্রথম এবং সর্বশেষ বিশ্বকাপ গোলের মধ্যে সময়ের ব্যবধান ছিল ১৬ বছর ১৮৪ দিন। এর পরবর্তী দীর্ঘতম ব্যবধানটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ১৬ বছর ১৬০ দিন।
২০০২ সাল থেকে প্রবর্তিত ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারটি মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১১ বার জিতেছেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তিনি একাই ৪ বার এই পুরস্কার পান, যা একটি একক সংস্করণে সর্বোচ্চ এবং এই রেকর্ডটি তিনি ওয়েসলি স্নাইডারের সাথে ভাগ করে রেখেছেন । মেসিই একমাত্র ফুটবলার যিনি একাধিকবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন ব্রাজিল ২০১৪ এবং কাতার ২০২২ বিশ্বকাপে।
জার্মানির মিরোস্লাভ ক্লোজে বর্তমানে ১৬টি গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন। বিশ্বকাপে ১৩ গোল করা লিওনেল মেসি ক্লোজের রেকর্ড থেকে মাত্র ৩ গোল দূরে রয়েছেন।