নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে ভূমিধস গুয়াহাটিতে। মঠঘরিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু ভূমিধসে। নগেন রাজবংশী, মীনা রাজবংশী ও তাঁদের মেয়ে চুনু রাজবংশী ভূমিধসের শিকার। নগেন ও মীনার ছেলেকে উদ্ধার করা হয় পাথর-কাদায় ভাঙা বাড়ির ভেতর থেকে।
গুয়াহাটিতে সোমবার রাত থেকে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালেও যার রেশ ছিল। মঠঘরিয়ায় পাহাড়ের নীচে ছিল রাজবংশী পরিবারের বাড়ি। ভারী বৃষ্টিতে পাহাড়ের একাংশ ঘসে পড়ে নেমে আসে বাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
রাতভর বৃষ্টিতে গুয়াহাটির বিভিন্ন এলাকায় জল জমেছে। নবীন নগর, হাতিগাঁও, বেলতলা, জোড়াবাট সহ জলমগ্ন চিড়িয়াখানা, জোনালি এলাকা। মঙ্গলবার সকালের দিকে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে জমা জলের কারণে।
মঠঘরিয়া সংলগ্ন নারেঙ্গি-ছয় মাইল ভিআইপি রোড জলমগ্ন। বরবাড়ি ও ছয় মাইল সংযোগকারী পথে কোমর সমান জল। চান্দমারি এলাকায় রাস্তার পাশাপাশি ফুটপাথ ডুবে গেছে পাহাড় থেকে নেমে আসা জলে। অনুরাধা, নুনমাটি, পাঞ্জাবাড়ি, বেলতলা সার্ভে জলমগ্ন।