টালিগঞ্জে ফেডারেশনের বৈঠকে ধুন্ধুমার

23

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বুধবার টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী ফেডারেশনের অধীন ২৬টি গিল্ড ভেঙে দেন। এক ছাতার তলায় টলিউডকে আনার বার্তা দেন। আর আজ‌ই গণ্ডগোল বাধে ফেডারেশনের বৈঠকে। ছোড়া হয় ইট, ডিম। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ।

এতদিন ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক ছিলেন মহম্মদ হাসান এবং সহ-সম্পাদক ছিলেন বাবাই। গতকালই পাপিয়া অধিকারী জানান, এই দুজনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। তাই এই দুজনকে তাঁদের পদ ছাড়তে বলা হয়। এর বিরুদ্ধে টেকনিশিয়ান স্টুডিওতে আজ টেকনিশিয়ানরা বৈঠক ডাকেন। আর সেই বৈঠকে যোগ দিতে প্রচুর ভিড় হয়। এত যে ভিড় হবে, তার আগাম কোনও খবর ছিল না পুলিশের কাছেও।‌ এত সংখ্যক মানুষ নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং করা সম্ভব হয়নি। পাশের মাঠে বৈঠক শুরু করা হয়। কিন্তু সেখানেই দু’টো দল ভাগ হয়ে যায়। একদল যাঁরা হাসান এবং বাবাইয়ের সমর্থক। আরেক দল তাঁদের বিরোধী। হাসান এবং বাবাইয়ের বিরুদ্ধে ওঠে ‘চোর’ স্লোগান। উল্টো পক্ষ থেকে ছোঁড়া হয় ডিম এবং ইট। প্রবল উত্তেজনা তৈরি হয়। ‌

বাবাই এবং হাসানের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তাঁদের পদ ছাড়তে নারাজ। তাঁদের দাবি, পাপিয়া অধিকারীর কাছে তাঁদের সম্বন্ধে ভুল বার্তা গেছে।। এছাড়াও তাঁদের সম্পত্তির পরিমাণ ও উৎস নিয়েও ওঠে প্রশ্ন। ব্যান কালচারের সঙ্গে ওই দুই ব্যক্তি জড়িত, এমন অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

রিজেন্ট পার্ক থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এরপর এই দুই পক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।