পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরপর এফ আই আর। এত ভুরি ভুরি অভিযোগে বিরক্ত কলকাতা হাইকোর্ট । গত ২১ মে থেকে একই ধরনের অভিযোগ। কার্যত একই অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত বিচারপতি।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “বাধ্য হব নির্দেশ দিতে, নতুন করে কোনও এফ আই আর করবেন না আদালতের নির্দেশ ছাড়া। অন্তত তিনটে মামলা দেখেছি কোনও ভিত্তি নেই। একই ব্যক্তি যিনি ভোটে নিজে পরাজিত, তিনি বার বার একই অভিযোগ করছেন” ।
আজ অভিজিৎ দাসের সেবাশ্রয় প্রকল্পের দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল। ৪ জুলাই ও ১১ জুলাই একই অভিযোগে এফআইআর হয় সেবাশ্রয় নিয়ে। দাবি, কোনও মেডিক্যাল স্ট্যাটুটারি বোর্ডের অনুমতি নেওয়া হয়নি।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “এটা চিকিৎসার গাফিলতির বিষয়। এই নিয়ে যদি কোনও অভিযোগ ক্লিনিক্যাল কাউন্সিলের কাছে করেছেন, তার নথি দেখান আমায়।”
অ্যাডিশনাল এজি রাজদীপ মজুমদার বলেন, “এক্স-রে মেসিন থেকে আরম্ভ করে সব মেসিন লাগাতে গেলে অনুমতি নিতে হয়। সেগুলি নেওয়া হয়নি। ‘মেডিসিন ড্রাগ কন্ট্রোলার’ ওষুধ বাজেয়াপ্ত করেছে। অভিষেকই হুইসেল ব্লোয়ার।”
বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন
বলেন, “এনাফ ইজ এনাফ। চিকিৎসকও জড়িত থাকলে আইন অনুসারে তাঁকেও রক্ষাকবচ দিতে হবে। এটা বড়জোড় চিকিৎসার গাফিলতি হতে পারে।”
বিচারপতি জানতে চান, সেবাশ্রয়ে চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলা অভিযোগকারী কোনও রোগী আদৌ মেডিক্যাল বোর্ডে এই নিয়ে অভিযোগ করেছেন কী ?
অ্যাডিশনাল এজির পাল্টা সওয়াল, “কীভাবে যাবে? একবছর আগে সেই পরিস্থিতি কী ছিল?”
বিচারপতি ভট্টাচার্য বলেন, “একই ব্যক্তি যিনি নিজে হেরেছেন তিনি বার বার অভিযোগ করছেন কেন ? “
সেই সময় অভিজিতের আইনজীবী জয়ন্ত নারায়ণ বলেন, “হতে পারে উনি হেরেছেন, তার মানে এই নয় ওঁর অধিকার নেই অভিযোগ করার। সরকার বদল না হলে এগুলি কী সামনে আসত? একজন নয়, অনেকেই লুট হয়েছেন। ক্যাম্পের আয়োজন করেছেন। মেডিক্যাল স্টুডেন্টদের দিয়ে কাজ করিয়েছেন। সেটা কি আইনত?”
বিচারপতি ভট্টাচার্য বলেন, “তদন্তের আগে কি সরাসরি দোষী বলা যায়? এই অভিযোগে সন্তুষ্ট নই। তদন্ত চলতে পারে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শঙ্করনারায়ণ তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এফ আই আর -এর রক্ষাকবচের উদাহরণ টেনে বলেন, “এক রাজনৈতিক দল আগে ভুল করে এফআইআর করেছিল। এখন আরেক রাজনৈতিক দল একই ভুল করছে।”
টানা সওয়াল জবাবের পর এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর। আপাতত সেবাশ্রয়ের বিরুদ্ধে করা অভিযোগের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়। তবে তদন্ত চলবে। তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে