অবৈধ পাথর খাদান আর নয়, হুঁশিয়ারি বিজেপির

7

অঞ্জন দে, বীরভূম: তৃণমূলের আমলে বীরভূমের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছিল শতাধিক অবৈধ পাথর খাদান। তৃণমূল নেতা, মন্ত্রী এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের এক শ্রেণীর অসাধু আধিকারিকদের সঙ্গে যোগ সাজসকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে এইসব অবৈধ পাথর খাদান থেকে হাজার হাজার কোটি টাকার সরকারী রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে দীর্ঘদিন থেকেই অভিযোগ। এবার সেইসব অবৈধ পাথর খাদান বন্ধ করতে আসরে নামল বিজেপি । বিজেপির দাবি অবৈধভাবে পাথর খাদান চালানো যাবে না। সরকারি নিয়ম মেনে বৈধভাবে পাথর খাদান চালাতে হবে।

উল্লেখ্য বীরভূমের ডেউচা-পাঁচামি, শালবাদরা,রামপুরহাট,নলহাটি ও রাজগ্রাম এলাকায় প্রায় তিনশোরও বেশী অবৈধ পাথর খাদান রয়েছে বলে দাবি করেন পাথর ব্যবসায়ী কল্যাণ দাস,বাপ্পা মণ্ডল সহ আরও অনেকে। অভিযোগ কোথাও দেবত্বর সম্পত্তি, কোথাও সরকারি বনভূমি আবার কোথাও আদিবাসীদের জমি জোর করে দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ পাথর খাদান। আরও অভিযোগ,এলাকার আদিবাসী ও বাসিন্দাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের জমি জোর করে দখল করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই জমিতে খনন করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়েছে। সেই সব অবৈধ পাথর খাদান বন্ধ করতে রামপুরহাটের বড়পাহাড়ি এলাকার পাথর খাদানগুলি ঘুরে দেখলেন বিজেপির প্রতিনিধি দল। কথা বললেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। এদিন আদিবাসীদের সঙ্গে কথা বলেন রামপুরহাট বিধানসভার বিজেপি আবজারভার সুখমণি হেমব্রম । তিনি আদিবাসী ভাষায় অবৈধ পাথর খাদান সম্পর্কে আদিবাসীদের সচেতন করেন। বীরভূমে অবৈধ পাথর খাদান বন্ধ করার জন্য এদিন ভুমি ও ভুমি রাজস্ব দফতরের আধিকারিকদের সঙ্গেও কথা বলে বিজেপির প্রতিনিধি দল।