অভিরুচি ক্রীড়া দিবসের মাস জগিংয়ে ভোগেশ্বর বরুয়ায় সঙ্গে হাঁটছেন দ্যোতি চাঁদও। ফাইল ছবি।
স্পোর্টস ডেস্কঃ অভিরুচি ক্রীড়া দিবসে এবারও সরুসজাইয়ের চার দেওয়ালের মধ্যেই সীমিত থাকবে মাস জগিং। হ্যাঁ, সরুসজাইয়ের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের সামনে থেকে জগিং শুরু হয়ে নবীনচন্দ্র বরদলৈ ইনডোর, ডঃ জাকির হুসেন অ্যাকুয়টিক কমপ্লেক্স ইত্যাদি ঘুরে আবার সেই ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের সামনে এসেই শেষ হবে জগিং।
গুয়াহাটিতে কেন্দ্রিয়ভাবে আয়োজিত মাস জগিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্ষীয়ান অভিনেতা যতীন বরা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্রীড়ামন্ত্রী তথা অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। অসুস্থতার জন্য এবারও অনুপস্থিত থাকবেন অর্জুন ভোগেশ্বর বরুয়া। এক সাংবাদিক সম্মলনে কথাগুলো জানান আয়োজক কমিটির সভাপতি বলেন্দ্রমোহন চক্রবর্তী।
কমনওয়েলথ পদক জিতে রাজ্য ক্রীড়ার ইতিহাসে নতুন নজির গড়া খেলরত্ন লভলিনা বরগোঁহাই, অর্জুন নয়নমণি শইকিয়া, অসমের প্রথম এবং একমাত্র গ্র্যান্ডমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী সহ গত মরশুমে ভারতের প্রতিনিধিত্ব করা একপ্রস্থ অসম অ্যাথলিটকে এবারও সংবর্ধনা জানানো হবে অভিরুচির মঞ্চে। এই তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ ও উমা ছেত্রিও।

উল্লেখ্য, অসমের প্রথম অর্জুন ভোগেশ্বর বরুয়ায় জন্মদিন ৩ সেপ্টেম্বরকে রাজ্য জুড়ে অভিরুচি দিবস হিসেবে পালন করা হয়। এবার ৪৩ তম বছরে পা দিয়েছে অভিরুচি ক্রীড়া দিবস। প্রতি বছরই অভিরুচি ক্রীড়া দিবসে জাতীয় স্তরের কোনও তারকা ক্রীড়াবিদকে নিয়ে আসা হয়। তবে গত কয়েকবছর থেকে এই প্রথা উঠে গেছে। ফলে জৌলুস হারিয়ে কিছুটা নিষ্প্রভ হয়ে পড়েছে অভিরুচি। যদিও এবারও অভিরুচি ক্রীড়া দিবসে কয়েকশো অ্যাথলিট, কোচ, ক্রীড়া সংগঠক, প্রাক্তন ক্রীড়াবিদরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।