নিউজ ডেস্ক: ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগ তাদের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীদের (পিজিটি) রেসিডেন্সি সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ে বা একরকম ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের প্রেক্ষিতে চিকিৎসকদের সংগঠন তীব্র সমালোচনা করেছে।
১৮ নভেম্বর মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রশান্ত দিহিঙ্গিয়া স্বাক্ষরিত একটি আদেশে স্নাতকোত্তর পড়ুয়াদের তাদের কোর্স চলাকালীন ক্লিনিক্যাল দায়িত্ব, রোগীর সেবা, পড়াশোনা এবং গবেষণামূলক কাজকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, জেনারেল মেডিসিন বিভাগের সব স্নাতকোত্তর প্রশিক্ষণার্থীদের (পিজিটি) জানানো যাচ্ছে যে, তাদের রেসিডেন্সি মেয়াদ সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ে বা এই ধরনের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।
এই নির্দেশনাটি ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন’ (ফাইমা)-এর সমালোচনার মুখে পড়েছে এবং তারা অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছে।
সংগঠনটি সমাজমাধ্যমে লিখেছে, ফাইমা এই অযৌক্তিক পরামর্শের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করছে। সম্মানিত প্রশাসকবৃন্দ, আপনারা রেসিডেন্ট চিকিৎসকদের কর্মঘণ্টা নিয়ন্ত্রণ করুন, তাদের ব্যক্তিগত জীবন নয়। রেসিডেন্সি একটি স্নাতকোত্তর কোর্স, কোনো ব্রহ্মচর্য ব্রত নয়!
এই নির্দেশিকাটি স্নাতকোত্তর চিকিৎসা প্রশিক্ষণের সময় রেসিডেন্ট ডাক্তারদের ওপর যে ধরনের চাহিদা চাপানো হয় এবং তাঁদের ব্যক্তিগত জীবনকে কতটা নিয়ন্ত্রণ করা উচিত তা নিয়ে বিতর্কের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।
বিতর্কের মুখে নির্দেশে স্বাক্ষরকারী প্রশান্ত দিহিঙ্গিয়া অবশ্য জানিয়েছেন, এটি পরামর্শ মাত্র। তা মানতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। যদিও এই বিজ্ঞপ্তি নিয়ে অসম মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, উপদেশ হলে মেমো নম্বর দিয়ে সরকারি আদেশনামার মতো বিজ্ঞপ্তি জারি করা হল কেন?
এবিষয়ে প্রশান্ত বলেন, এই নির্দেশিকা যে উপদেশ, আদেশ নয়, তা আর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেব। এই উপদেশ মানতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।
বিতর্কের জেরে শেষপর্যন্ত নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছেন প্রশান্ত দিহিঙ্গিয়া।
Next Post