প্রবল চাপে নগাঁওর জেলাশাসক পরিবর্তন

32

নিউজ ডেস্ক: নগাঁওর জেলাশাসক হলেন আরণ্যক শইকিয়া। কৃতি চাছরাকে কার্বি আংলংয়ের জেলাশাসকের দায়িত্ব দিয়েছে অসম সরকার। নগাঁওর পূর্বতন জেলাশাসক দেবাশিস শর্মা স্বেচ্ছা-অবসর নিয়েছেন।
আরণ্যক শইকিয়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে কার্বি আংলংয়ের জেলাশাসক ছিলেন। তার আগে কাজ করেছিলেন গোসাঁইগাঁওতে। কৃতি চাছরা আবাসন ও নগর উন্নয়ন বিভাগের আধিকারিক ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে কার্বি আংলংয়ের জেলাশাসক হিসেবে।
বেশ কয়েকদিন ধরে অসম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ নগাঁওর জেলাশাসক দেবাশিস শর্মার বিরুদ্ধে অভিযোগ করছিলেন। যোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের অভিযোগ যে সাংবিধানিক পদে বসেও বিজেপির স্বার্থে কাজ করছেন দেবাশিস শর্মা।
দেবাশিস শর্মার স্বেচ্ছা-অবসরের পর সমাজমাধ্যমে গৌরব গগৈ লিখেছেন, নির্বাচন কমিশনের নগাঁও লোকসভা উপনির্বাচনের দিকে নজর দেওয়া উচিত। নগাঁওর জেলাশাসকের পদ থেকে অবসর নিয়ে দেবাশিস শর্মা আসন্ন উপনির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। গত কয়েক মাসে জেলাশাসক হিসেবে তিনি নির্বাচন প্রক্রিয়ায় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। তাঁর গৃহীত কিছু সিদ্ধান্ত সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে। এ ছাড়া পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলের অপব্যবহারের অভিযোগ রয়েছে দেবাশিস শর্মার বিরুদ্ধে। নগাঁওর জেলাশাসক হিসেবে দেবাশিস শর্মার কার্যকালের নিরপেক্ষ তদন্ত করুক নির্বাচন কমিশন, সমাজমাধ্যমে লিখেছেন গৌরব গগৈ।