মণিপুরে কংগ্রেস বিধায়কের বাড়িতে গ্রেনেড হামলা

27

নিউজ ডেস্ক: মণিপুরে কংগ্রেস বিধায়ক কেইশাম মেঘচন্দ্র সিংয়ের বাড়ির দরজায় গ্রেনেড হামলা। মণিপুরের থৌবল জেলার ইয়ারিপোকের বিষ্ণুনাহা এলাকার ঘটনা।
বৃহস্পতিবার গভীর রাতে কংগ্রেস বিধায়ক কেইশাম মেঘচন্দ্র সিংয়ের বাড়ির দরজায় গ্রেনেড ছোড়ে দুষ্কৃতীরা। তবে মণিপুর বিধানসভার অধিবেশন চলছে বলে বিধায়ক ছিলেন রাজধানী ইম্ফলে। ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে, শুক্রবার সকালে মণিপুরের পূর্ব ইম্ফল জেলার লালমাই থানার অন্তর্গত কাংলা সাংগম শাং-আঙ্গম লাইচিং রোডে বুলেটিবিদ্ধ এক তরুণের দেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত পরিচয় যুবকের মাথায় গুলির আঘাত ছিল।
বুধবার মণিপুরের কাংপোকপি জেলার চালওয়া থানার অন্তর্গত তিপোরাম গ্রামে অন্তত ২৫টি বাড়ি পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এর মধ্যে পাঁচটি বাড়িতে বাস করত নেপালি সম্প্রদায়। অভিযোগের তির নাগা জনগোষ্ঠীর বিরুদ্ধে
মঙ্গলবার লিয়াংমাই নাগা গ্রাম তাপোন খুলেন, তাপোন খোনো এবং মাকুই টিপোরামে ১০টি বাড়ি জ্বালানো হয়েছিল। অভিযোগের তির কুকি জনগোষ্ঠীর দিকে। এই ঘটনার সময় স্থানীয় একটি চার্চের পাদ্রি গুলিবিদ্ধ হন।
এবছরের ১৩ মে থেকে এখন পর্যন্ত নাগা ও কুকি-জো সম্প্রদায়ের পারস্পরিক সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৭ জনের।