মহিলাদের ৪০ হাজার, বেকারদের ৫ হাজারের প্রতিশ্রুতি উত্তরপ্রদেশে ইশতেহার প্রকাশ সমাজবাদী পার্টির

27

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন, কিন্তু তার আগেই ইশতেহার প্রকাশ করল সমাজবাদী পার্টি।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বৃহস্পতিবার ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য দলের ইশতেহার প্রকাশ করেছেন। এতে পাঁচ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরি, বেকার স্নাতকদের জন্য মাসে ৫,০০০ টাকা ভাতা, কৃষকদের ঋণ অবিলম্বে মকুব এবং ২৩টি ফসল ও দুধের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী (BPL) মানুষদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, ২৬,০০০ প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করা এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ল্যাপটপ বিতরণের প্রকল্প পুনরায় শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
২৫ লক্ষ সরকারি চাকরির পাশাপাশি, দলটি আগামী পাঁচ বছরে অন্যান্য খাতে আরও দুই থেকে তিন কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে এসপি। চাকরি বা অন্য কোনও উপার্জনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্নাতকরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে ভাতা পাবেন।
উত্তরপ্রদেশে বিভিন্ন জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা মূল্যায়নের জন্য জাতিভিত্তিক জনগণনা (কাস্ট সেন্সাস) করার প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর এবং গোয়ার সঙ্গে উত্তরপ্রদেশেও বিধানসভা ভোট হওয়ার কথা
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে আসনরফা নিয়ে প্রকাশ্যে চলে এসেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতানৈক্য। আসন ভাগাভাগি নিয়ে আলোচনার মাঝেই মঙ্গলবার এসপি পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। অখিলেশের দল কংগ্রেসকে প্রথম প্রস্তাবে ২৬টি আসন দেওয়ার কথা জানায়। প্রকাশ্যে সে কথা জানান অখিলেশের কাকা তথা এসপির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব। অথচ কংগ্রেসের তরফে ১২৬টি আসন দাবি করা হয়েছিল বলে সূত্রের খবর।
রামগোপালের বিবৃতি প্রকাশ্যে আসার পরেই উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক রাজেন্দ্রপাল গৌতম জানিয়ে দেন, ‘তিন অঙ্কের’ কম আসনে লড়তে কংগ্রেস রাজি নয়। উত্তরপ্রদেশের সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, আমরা ভিক্ষা চাইছি না।
এদিকে, এসপি প্রধান অখিলেশ বলেছেন, আসনরফার প্রক্রিয়া মসৃণভাবে এগোচ্ছে। কংগ্রেস বা এসপি নয়, ইন্ডিয়া জোটের প্রার্থী স্থির করতে হবে। ‘জয়লাভের সম্ভাবনাময় ২৬টি আসন দিয়ে আলোচনার সূচনা হয়েছে। বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে আলোচনা এগিয়ে যাবে।
লখনউতে বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ইমরান মাসুদ প্রায়ই অত্যন্ত আবেগের সঙ্গে কথা বলেন। তবে সম্মিলিতভাবে কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ। মাসুদ ধারাবাহিকভাবে দলের পক্ষে লড়াই করে চলেছেন। লোকসভায় দলের নীতিগত অবস্থান বজায় রেখেছেন।
উত্তরপ্রদেশে কংগ্রেস চাইছে ২০২৪ লোকসভার ভিত্তিতে আসন ভাগাভাগি আর সমাজবাদী পার্ট চায় ২০২২ বিধানসভা নির্বাচনের ভিত্তিতে আসনরফা। ২০২২ বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়ে মাত্র দুটি আসন জিতেছিল। আর ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল সাতটি আসন। যার অর্থ অন্তত ৫০টি আসনকে পাখির চোখ করেছে কংগ্রেস।