শুক্রবার অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, কারা সামিল হচ্ছেন হিমন্ত মন্ত্রিসভায়?

4

স্টাফ রিপোর্টার, গুয়াহাটি: আগামী শুক্রবার অসম মন্ত্রিসভার সম্প্রসারণ। কিন্তু এখন পর্যন্ত আভাস মিলেনি, এবার কারা মন্ত্রিসভায় সামিল হচ্ছেন। গোটা বিষয়ে যেন অনেকটাই চাপে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা।


গত শনিবার দিল্লি যান মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রবিবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল থেকে এক পোস্টে জানান, আগামী ৫ জুন শপথ নেবে মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু গত দু-দিন ধরে দিসপুরে নীরবতা। কে বা কারা হিমন্ত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন, সে নিয়ে কারো হাতে কোনও তথ্য নেই। মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে তাঁর ঘনিষ্ঠ কাউকে কিছু বলেননি। ফলে বাড়ছে সাসপেন্স। সূত্রের খবর, হিমন্ত বিশ্ব শর্মা চাইছেন, এই মুহূর্তে আরও আট-দশজন বিধায়ককে মন্ত্রিসভায় সামিল করতে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হোক। মানে মুখ্যমন্ত্রী ছাড়া আরও আঠারোজনকে অন্তর্ভুক্ত করা হোক। ইতিমধ্যে চারজন মন্ত্রিত্ব লাভ করেছেন। তাই শুক্রবার আরও ১৪ জন বিধায়ক শপথ নেন কিনা তা হবে লক্ষ্যণীয়।