সব সত্য বলা যায় না: হিমন্ত

49

নিউজ ডেস্ক: সব সত্য বলা যায় না, আর তাই স্মৃতিকথা লিখতে রাজি নন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে তিনি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথাকে ‘অসম্পূর্ণ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, কোনও রাজনৈতিক স্মৃতিকথার গ্রহণযোগ্যতা ও সামাজিক মূল্য থাকতে হলে তাতে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনের ভালো ও মন্দ— উভয় দিকই প্রতিফলিত হওয়া প্রয়োজন।
এক অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, স্মৃতিকথা মূলত দুটি কারণে লেখা হয়। একটি হল ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঠিক করা এবং এমনভাবে লেখা, যা সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ভবিষ্যৎকে এগিয়ে নিতে সাহায্য করে। আর দ্বিতীয় কারণ— একজন ব্যক্তির তখনই স্মৃতিকথা লেখা উচিত, যখন তাঁর মনে সত্য বলার মতো সাহস থাকে।
তিনি যুক্তি দেন যে, কোনও স্মৃতিকথায় যদি লেখক নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন তিনি কোনও ভুলই করেননি— যেন তিনি ঈশ্বরের সরাসরি বংশধর— তবে সেই স্মৃতিকথা শেষ পর্যন্ত একটি সৎ বয়ান হয়ে উঠতে ব্যর্থ হয়।
তিনি বলেন, আপনি যখন সোনিয়ার স্মৃতিকথা পড়েন এবং সেখানে কোনও নেতিবাচক দিক খুঁজে পান না— যেন তিনি ঈশ্বরের সরাসরি বংশধর— তখন বুঝতে হবে সেটি একটি ব্যর্থ স্মৃতিকথা, যার কোনও মূল্য নেই। কিন্তু আপনার যদি জীবনের ভালো ও মন্দ— উভয় দিক নিয়েই লেখার সাহস থাকে, তবেই তা সমাজে গ্রহণযোগ্য হবে।
হিমন্ত আরও বলেন, তাঁর দৃষ্টিতে গান্ধীর স্মৃতিকথা অসম্পূর্ণ এবং এতে অনেক প্রশ্নের উত্তরই অজানা থেকে গেছে।
তিনি নিজে কোনও স্মৃতিকথা লেখার কথা ভাবছেন কি না প্রশ্নে হিমন্ত জানান, নিজের জীবনকে তুলে ধরার জন্য তাঁর মধ্যে সেই সাহস ও নির্লিপ্ততা থাকা প্রয়োজন, যেখানে শুধু নিজের অর্জনগুলোকে বেছে বেছে তুলে ধরা হবে না।
তিনি জোর দিয়ে বলেন যে, কোনও স্মৃতিকথা নির্বাচনী সুবিধা পাওয়ার বা রাজনৈতিক উত্তরাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে লেখা উচিত নয়।
তিনি বলেন, আমার মধ্যে সাহস থাকতে হবে এবং স্মৃতিকথা লেখার জন্য প্রয়োজন এক ধরনের নির্লিপ্ততা। আমার সক্ষমতা থাকতে হবে সবকিছু পুরোপুরি তুলে ধরার।
হিমন্ত যোগ করেন, যদি আমার মনে এমন ভাবনা থাকে যে আমি শুধু আমার ভালো কাজগুলোই লিখব যাতে পরবর্তী নির্বাচনে বেশি ভোট পেতে পারি অথবা আমার ছেলের রাজনীতিতে আসার পথ সহজ হয়, তবে তেমনটা হবে না।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এমন একটি বিবরণ লেখার জন্য যে ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রয়োজন, তা তাঁর এখন নেই, আর সেই গুণটি ছাড়া এমন কিছু করার চেষ্টা করা ঠিক হবে না।
তিনি বলেন, আমার পক্ষে এখন সত্য কথা বলাটা খুবই কঠিন একটি বিষয়, কারণ এই জীবনে আমরা ভালো কাজের পাশাপাশি খারাপ কাজও করে থাকি। এটি একটি ভারসাম্যপূর্ণ জীবন। নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত যাত্রার কথা নথিবদ্ধ করার জন্য তিনি কেন এখনও প্রস্তুত নন, তা ব্যাখ্যা করতে গিয়েই তিনি একথা বলেন।