৬হাজার টাকা বেতন থেকে ঘরে ২ কোটি নগদ! ইঞ্জিনিয়ারের সম্পত্তিতে রহস্য
নিউজ ডেস্ক: চাকরিতে যোগ দিয়েছিলেন মাত্র ৬ হাজার টাকা প্রতিমাসের বেতনে। সেই ব্যক্তির থেকে উদ্ধার হল নগদ ২ কোটি টাকা! ব্যাঙ্কের লকার দেখে চোখ কপালে ভিজিল্যান্স অফিসারদের। সরকারি ইঞ্জিনিয়ারের এত সম্পত্তি কী ভাবে?
আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে ওড়িশার বৈকুণ্ঠনাথ বেহেরার বাড়ি সহ ৯ জায়গায় অভিযান চালায় ভিজিল্যান্স দফতর। তাঁর নামে থাকা ব্যাঙ্ক লকার থেকে ২ কোটি টাকা নগদ উদ্ধার করে তদন্তকারীরা। অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন বেহেরা। ভুবনেশ্বর, বালাসোর, জাজপুর ও বালিগুড়া এলাকায় তাঁর একাধিক বিলাসবহুল সম্পত্তি।

অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার ও ইনস্পেক্টররা মিলে এই তদন্ত করেন। জাজপুরের চন্দ্রশেখরপুর, শৈলশ্রী, বিহার, কানান বিহার, ধর্মশালায় অভিযান চালায় তদন্তকারীরা। এই তদন্তে ৫টি বহুতলের খোঁজ মিলেছে। যেখানে ইঞ্জিনিয়ারের পরিবারের সদস্যরাও থাকেন। এর মধ্যে ১০ হাজার ৫০০ স্কোয়ার ফুটের ৪টি বহুতল রয়েছে নিলাদ্রী বিহার ও ভুবনেশ্বরে। তদন্তকারীরা ১৩টি জমিরও হদিশ পেয়েছে ভুবনেশ্বরের অভিজাত এলাকায়।
অভিযুক্তের বাড়ি থেকেই নগদ উদ্ধার হয়েছে ২ লক্ষ ৬৬ হাজার টাকা। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে ব্যাঙ্কের লকারে রাখা ছিল ২ কোটি টাকা নগদ। একাধিক গয়নাও মিলেছে।