সোনম ওয়াংচুককে ভিত্তি করে থ্রি ইডিয়েটস তৈরি হয়নি!অবশেষে সোনম নিয়ে মুখ খুললেন আমির খান

51

নিউজ ডেস্ক: অবশেষে যন্তরমন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে মুখ খুললেন থ্রি ইডিয়েটস ছবির মূল চরিত্র আমির খান। তিনি বলেন, থ্রি ইডিয়েটস লেখার সময় কাহিনিকারদের সোনম ওয়াংচুক নিয়ে কোনও ধারণাই ছিল না। যদিও সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়েছে তাঁর শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছেন আমির খান।
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক সাক্ষাৎকারে আমির খান বলেন, একটা ভুল ধারণা আছে যে সোনম ওয়াংচুকের জীবন নির্ভর ছবি থ্রি ইডিয়েটস। এটা সত্যি নয়। যখন ছবির কাহিনি লেখা হচ্ছিল, সোনম ওয়াংচুক সম্পর্কে আমরা কিছুই জানতাম না এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গেও সোনম ওয়াংচুকের পরিচয় ছিল না। যদিও সোনম ওয়াংচুক যা করছেন সেটা একশোভাগ ঠিক। তিনি অনশন করছেন এবং সবাই মনে করে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে, তাঁর অনশন ভঙ্গ করা দরকার।
দিনকয়েক আগে সোনম ওয়াংচুকের সমর্থনে থ্রি ইডিয়েটস ছবির চতুর চরিত্রে অভিনয়কারী ওমি বৈদ্য ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি বলেন, সোনম ওয়াংচুকের জীবনের ভিত্তিতে থ্রি ইডিয়েটস ছবি তৈরি হয়েছে এবং সোনম ওয়াংচুকের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। এবিষয়ে আমির খান বলেন, চতুর ভুল বলেছে। সোনম ওয়াংচুক নিজেই বিখ্যাত, থ্রি ইডিয়েটস তাঁকে বিখ্যাত করেনি, বলেন, আমির খান।
বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষার অনিয়মের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে ২০ দিন ধরে অনশন করছেন লাদাখের পরিবেশবিদ, সমাজকর্মী, শিক্ষক সোনম ওয়াংচুক। ২০ দিনে সোনমের ওজন কমেছে প্রায় ১০ কেজি। অনশন মঞ্চে তাঁর সঙ্গে দেখা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অতিশী মারলেনা, তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, এসপি সাংসদ ডিম্পল যাদব, কংগ্রেস সাংসদ পবন খেড়া।