নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় মৃত ৭৫। গত ২৪ ঘণ্টায় শুধু শিবসাগর জেলায় মৃত্যু হয়েছে ৭ জনের। অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও এবং কামরূপ (মেট্রো) জেলার বিভিন্ন এলাকা এখনও জলের তলায়। তবে আগের তুলনায় বন্যার জল অন্যান্য জেলায় কমেছে।
চলতি মরশুমে বন্যায় অসমের ৩,৩২,৬৩৯ বাসিন্দা ক্ষতিগ্রস্ত। এখনও ২১ রাজস্ব চক্রের ৬২২ গ্রামে জল রয়েছে। তবে অসমের কোনও শহরে জলের তোড়ে ভেসে যাওয়ার খবর নেই।
৭৫ জনের মৃত্যুর পাশাপাশি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিজমি। ৪৫ হাজার হেক্টর কৃষিজমি জলের তলায়। অপরিসীম ফসল নষ্ট হয়েছে। দুর্গতদের উদ্ধার এবং ত্রাণবণ্টনে ঝাঁপিয়ে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় বায়ুসেনা, সেনাবাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
কেন্দ্রীয় সরকারের কাছে অসমের বন্যাত্রাণে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ দাবি করেছে বিরোধীরা। মঙ্গলবার লোকসভায় অসমের কংগ্রেস সাসদ গৌরব গগৈ বলেছেন, অসমের বন্যায় প্রায় ৭০ জনের মৃত্যু ঘটেছে। কেন্দ্রীয় সরকারের উচিত অসমের জন্য বড় প্যাকেজ ঘোষণা করা। বন্যাত্রাণে অসমের বিধায়ক এক মাসের বেতন দান করেছেন।
ভয়াবহ বন্যার জেরে অসম বিধানসভার অধিবেশন দুদিন হ্রাস করা হয়েছে।