বন্যার্তদের সাহায্যে বড় ঘোষণা এয়ার ইন্ডিয়ার

18

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। অসমের বন্যায় সাহায্যের জন্য ত্রাণসামগ্রী পাঠালে কোনও শুল্ক নেবে না এই সংস্থা। অসমের বন্যায় বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পদক্ষেপ সত্যই অভিনন্দনযোগ্য।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, যে কোনও অসরকারি সংগঠন বা এনজিও, স্বীকৃতি ত্রাণ সংস্থা অসমের বন্যাক্রান্তদের সাহায্যে কিছু পাঠালে তাতে কোনও শুল্ক নেওয়া হবে না। বন্যাত্রাণে শুকনো খাবার, পানীয় জল, ওষুধ, স্যানিটেশন কিট, পোশাক, কম্বল, টার্পোলিন এবং অন্যান্য আবশ্যক সামগ্রীতে এই ছাড় দেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই ছাড় বজায় থাকবে দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরু থেকে গুয়াহাটগামী বিমানে।
বর্তমানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১১টি বিমান যাতায়াত করে গুয়াহাটি থেকে বিভিন্ন শহরে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ছয়টি বিমান দৈনিক দিল্লি-গুয়াহাটি, তিনটি বিমান বেঙ্গালুরু-গুয়াহাটি এবং দুটি বিমান কলকাতা-গুয়াহাটি রুটে চলাচল করে। এর সব বিমানে বন্যাত্রাণে সাহায্য পাঠালে শুল্ক ছাড় পাওয়া যাবে, এক বিবৃতিতে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।