পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যে পালাবদলের পর যত দিন যাচ্ছে, ততই ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অভিনেতা, কলাকুশলীরা। এবার ফেডারেশনের বিরুদ্ধে একজোট হয়ে ক্ষোভ উগরে দিলেন সহকারী পরিচালকরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি একাধিক গুরুতর অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টেকনিশিয়ান স্টুডিওতে চলল সহ পরিচালকদের বিক্ষোভ।
বিক্ষোভকারী সহ-পরিচালকদের দাবি, ফেডারেশনের যাবতীয় দুর্নীতির শিকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড। এই সমস্ত অভিযোগের তির গিল্ডের যুগ্ম সম্পাদক অমিত কুমার সামন্ত এবং ফেডারেশন কর্তা স্বরূপ বিশ্বাসের দিকে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গিল্ডের অন্দরে চরম অনিয়ম ,দূর্নীতি, স্বজনপোষণ চলছে। পক্ষপাতিত্বের জেরে সাধারণ ও যোগ্য সদস্যরা দিনের পর দিন কাজ পান না। যুগ্ম সম্পাদক অমিত কুমার সামন্ত নিজের ঘনিষ্ঠ বৃত্তের বাইরে অন্য কোনও সদস্যকে কাজ দেন না বলেও অভিযোগ করেছেন তাঁরা।
পাশাপাশি গিল্ডের নির্বাচনী প্রক্রিয়া নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। গত বছরের ৩১শে ডিসেম্বর ফেডারেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরেও কোন নিয়মে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের নির্বাচন করা হল? অভিযোগ, এই পুরো বেআইনি কার্যকলাপের পিছনে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
এই বিক্ষোভ থেকেই স্বরূপ বিশ্বাসের সহ-পরিচালকের পরিচয় ও যোগ্যতা নিয়েও সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে। জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাস নিজেও এই গিল্ডের একজন সদস্য। কিন্তু কীভাবে তিনি গিল্ডের সদস্যপদের কার্ড পেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। সহ-পরিচালকদের দাবি— স্বরূপ বিশ্বাস তাঁর কেরিয়ারে যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, তার উপযুক্ত প্রমাণ ও নথিপত্র জনসমক্ষে আনতে হবে।
বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর কাছেও এই বিষয়ে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন তাঁরা। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে।