চাহিদা মতো কাটমানি না দেওয়ায় কাজ বন্ধ! বীরভূমে রাস্তার সূচনা করলেন বিজেপি বিধায়ক

46
অঞ্জন দে, বীরভূম: রামপুরহাটের স্বাধীনপুর গ্রামে থমকে থাকা রাস্তার কাজের সূচনা করলেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। কাজ শুরু হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, চাহিদা মতো কাটমানি না দেওয়ায় তৃণমূলের দাপটে দীর্ঘদিন বন্ধ ছিল রাস্তা তৈরির কাজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতির অধীনে স্বাধীনপুর গ্রামের ক্যানেল মোড় থেকে সইপুর গ্রামের ক্যানেল মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের জন্য সরকারি অর্থ বরাদ্দ হয়েছিল। অভিযোগ, বরাত পাওয়া নির্মাণ সংস্থার কাছে মোটা অঙ্কের তোলা বা ‘কাটমানি’ দাবি করে এলাকার কিছু দুষ্কৃতী। সেই টাকা দিতে অস্বীকার করায় কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্রামবাসীরা।

রবিবার এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে সেই রাস্তার কাজের পুনরায় সূচনা করেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাস্তা নির্মাণে কেউ বাধা দিলে বা কাটমানি চাইলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। পাশাপাশি, বরাদ্দ নিয়ম মেনেই যাতে সঠিক মানের ঢালাই রাস্তা তৈরি হয়, তা নির্মাণ সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।