বৈশ্বানর চট্টোপাধ্যায়কে তলব করল কলকাতা পুলিশ

11

পৃথা দাশগুপ্ত: কলকাতা পুরসভার সচিবকে হেনস্থার অভিযোগ‌। মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল কলকাতা পুলিশ। নিউ মার্কেট থানায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। গত শুক্রবার পুরসভার অধিবেশনকে ঘিরে তৈরি হয় নজিরবিহীন বিশৃঙ্খলা। তার জেরে এই আইনি পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।

শুক্রবার পুরকমিশনার স্মিতা পান্ডে অধিবেশন বাতিল করে দিলেও, চেয়ারপার্সন মালা রায়ের নির্দেশে ভিজিটার্স রুমেই অধিবেশন বসে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পুরসভার কাউন্সিলর ক্লাবে বিক্ষোভ দেখানো, অধিবেশন কক্ষ খুলে দেওয়ার দাবিতে মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুরসচিবের ঘরে চড়াও হয় বলে অভিযোগ। পুরসচিবের সঙ্গে অভব্য আচরণ ও তাঁকে হেনস্তা করার অভিযোগও ওঠে। শুক্রবার রাতেই কমিশনার ও সচিব নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করেন।

এই ঘটনার তদন্তে শুরু করে বৈশ্বানর চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে তলব করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ঘটনার দিন তাঁর কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। আজই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে নিউ মার্কেট থানায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। বৈশ্বানর চট্টোপাধ্যায় আজ নিউ মার্কেট থানায় হাজিরা দেন কিনা সেদিকেই নজর সকলের।‌