নিউজ ডেস্ক, গুয়াহাটি: এবারে গুয়াহাটির বেতকুছিস্থিত ISBT তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। ISBT-এর বেসরকারীকরণের প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ বাসচালক এবং মালিকদের। কয়েক দশক ধরে ISBT সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে ASTC কর্তৃপক্ষ। এনিয়ে কোনও অনিয়মের অভিযোগ ওঠেনি। কেউ ASTC-এর প্রতি কোনও ক্ষোভও প্রকাশ করেনি কখনও। কিন্তু হঠাৎ করেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে গত ১৩ মে টেন্ডার আহ্বান করেছে ASTC কর্তৃপক্ষ।
ENTRY GATE, EXIT GATE এবং GOODS GATE মোট তিনটি গেট এবং গাড়ি রাখা জায়গার জন্য টেন্ডার আহ্বান করেছে ASTC কৰ্তৃপক্ষ। বৰ্তমানে ASTC–এর নিয়ন্ত্ৰণে থাকা ISBT-তে ২২o টাকা করে দিতে হয় ছোট-বড় বাসগুলোকে। কিন্তু বেসরকারীকরণ করা হলে এই মাশুল কয়েকগুণ বাড়বে বলে অনুমান করা হচ্ছে। এমনকি, দ্বিগুণ, তিনগুণও হতে পারে বলে আশঙ্কা গাড়ির চালক ও মালিক পক্ষের।
বাস মালিক এবং চালকদের বক্তব্য, ISBT পরিচালনার ভার ASTC-এর অধীনে থাকতে হবে। তাতেই বাস মালিক ও চালকদের পক্ষে সুবিধে হবে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা এবং পরিবহণ কৰ্তৃপক্ষের কাছে ISBT-এর পরিচালনা ASTC-এর অধীনে রাখার আহ্বান জানিয়েছেন চালক এবং মালিকরা। তাঁদের দাবি, ISBT-এর পরিচালন ব্যবস্থার বেসরকারীকরণ করা চলবে না।