স্টাফ রিপোর্টার, গুয়াহাটি: জুন নয়, মে মাসেই সম্প্রসারণ হচ্ছে হিমন্ত মন্ত্রিসভার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে নতুন মন্ত্রীদের নাম। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনও বাকি।
বিজেপি সূত্রে যে খবর, এবার হিমন্ত মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন প্রায় ১৪-১৫ জন বিধায়ক। এরা হলেন, সুশান্ত বুঢ়াগোহাঁই, বিমল বরা, অজন্তা নেওগ, অশোক সিঙ্ঘল, বলিন চেতিয়া, ডঃ রণোজ পেগু, জয়ন্তমল্ল বরুয়া, রামেশ্বর তেলি, কৃষ্ণেন্দু পাল, কৌশিক রাই, চরণ বড়ো, অতুল বরা ও পীযূষ হাজরিকা। এছাড়াও আরও দু-একজন বিধায়ককে শেষ মুহূর্তে মন্ত্রিসভায় সামিল করা হতে পারে। বরাক উপত্যকা থেকে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। তবে এই মুহূর্তে ডিমাহাসাও বা কার্বি আংলং থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না। এমনটাই খবর আসছে।
উল্লেখ্য, গত দু-দিন দিল্লিতে ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। ওখানে অসম মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চেয়েছিল, উনিশ জনের উনিশজনকেই একসঙ্গে মন্ত্রিসভায় সামিল করা হোক। কিন্তু বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী নিজের চিন্তাভাবনা তুলে ধরেন। সবাইকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির পক্ষে ছিলেন না মুখ্যমন্ত্রী। তিন-চারটি আসন ফাঁকা রাখার সুপারিশ করেন তিনি। কারণ সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তিন-চারটি আসন ফাঁকা থাকলে ভবিষ্যতে ইচ্ছে মতো রণকৌশল স্থির করা যাবে। তাই আপাতত মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভায় চৌদ্দ-পনেরোজন থাকবেন। ভবিষ্যতে আরও চারজনকে অন্তর্ভুক্তি করা হবে। সূত্রের খবর, বৃহস্পতিবার কলাক্ষেত্রে হতে পারে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শেষ মুহূর্তে দু-একজনের ক্ষেত্রে রদবদল ঘটতে পারে। তবে এই মুহূর্তে ভূপেন বরা ও প্রদ্যুৎ বরদলৈয়ের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা একেবারে ক্ষীণ।
Prev Post