কেষ্ট-কাজলের ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার! রাজনৈতিক মহলে জোর জল্পনা

13

অঞ্জন দে, বীরভূম: ভোটে ভরাডুবির পর অনুব্রত মণ্ডলের ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়ি পুলিশ শূন্য। পাশাপাশি বীরভূমের একাধিক তৃণমূল নেতার নিরাপত্তায় বড়সড় কাটছাঁট করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। অনুব্রত মণ্ডলের পাশাপাশি নিরাপত্তা প্রত্যাহারের তালিকায় রয়েছে , কাজল শেখ, চন্দ্রনাথ সিংহ সহ জেলার আরও কয়েকজন তৃণমূল নেতার নাম। শুধু ব্যক্তিগত নিরাপত্তারক্ষীই নয়, বেশ কয়েকজন নেতার বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশও তুলে নেওয়া হয়েছে।

নিরাপত্তা প্রত্যাহার অনুব্রতর!

উল্লেখ্য তৃণমূল আমলে অনুব্রত মণ্ডল ১০ থেকে ১৩ জন নিরাপত্তারক্ষী পেতেন। কাজল শেখও একই সংখ্যক নিরাপত্তা পেতেন। বর্তমানে সেই সংখ্যা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। চন্দ্রনাথ সিংহ, যিনি আগে দু’জন নিরাপত্তারক্ষী পেতেন, এখন তাঁর জন্য রাখা হয়েছে মাত্র একজন। একইভাবে বিকাশ রায় চৌধুরীর নিরাপত্তাও দু’জন থেকে কমিয়ে একজন করা হয়েছে। বুধবার থেকেই নেতাদের বাড়ির নিরাপত্তায় মোতায়েন থাকা পুলিশ কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

রাজ্যে পালাবদলে ধরাশায়ী হয়েছে তৃণমূল। অনুব্রতর গড় বীরভূমেও বিজেপি ৬টি আসনে জয় লাভ করেছে। ফলপ্রকাশের পর নীচুপট্টির বাড়ি থেকে আর বের হচ্ছেন না বীরভূমের একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তৃণমূলকর্মী এবং কেষ্ট অনুগামীদেরও বাড়ির সামনে দেখা যাচ্ছে না। ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে এখনও পর্যন্তকোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেষ্টর। তবে মুখ খুলেছেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। কাজল শেখ জানান ‘আমি যে হেতু জনপ্রতিনিধি তাই আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। কেন আমার নিরাপত্তা তুলে নেওয়া হল সেটা তারাই বলতে পারবেন। আমি যেমন বের হচ্ছিলাম তেমনই বের হবো। মানুষই আমাকে এতদিন নিরাপত্তা দিয়েছে, আগামী দিনেও তারাই দেবেন।’