স্টাফ রিপোর্টার, গুয়াহাটি: মাঝে মাত্র কয়েকটি ঘণ্টা, রাত পোহালেই ঈদ-উল-আজহা। পবিত্র ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের ঈদে সাবেক চিত্রটি পাল্টে গেছে। রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে অসমে ইসলাম ধর্মাবলম্বীরা অনেকেই এবারের ঈদে গরু কুরবানি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন কমিটি থেকে গরুর কুরবানি বন্ধের আহ্বান জানানো হয়েছে। ফলে, বিকল্প হিসেবে গুরুত্ব বেড়েছে ছাগল এবং ভেড়ার মতো পশুর। সকলেই ভিড় জমাচ্ছে ছাগল এবং ভেড়ার বাজারে। এবারের ঈদে কুরবানির জন্য ছাগল এবং ভেড়ার চাহিদা আকাশছোঁয়া। তাই দামও বেড়়েছে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ।
১০ হাজারের ছাগল বিকোচ্ছে ২০ হাজারে!
যোগীঘোপার বালাপাড়া এবং কাবাইটারিতে ছাগলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বালাপাড়া, কাবাইটারি বাজারে ১০ হাজার টাকার ছাগলের দাম দাঁড়িয়েছে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। উন্নত জাতের ছাগলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার টাকা। ধর্মীয় এই উৎসব উপলক্ষে যে যার সাধ্য মতো কুরবানির পশু কিনছে। দাম বাড়লেও ৫০ হাজারের ছাগল কেনার মতো ক্রেতারও অভাব হচ্ছে না।
ধুবড়িতে ছাগলের দাম শুরু ২৪ হাজার টাকা থেকে!
ধুবড়িতে ছাগলের দাম ২৪ হাজার টাকা থেকে শুরু। উন্নত জাতের ছাগলের দাম উঠেছে এক লক্ষ টাকা পর্যন্ত। ধুবড়ির বাজারে ছাগলের আকাশছোঁয়া দামের প্রেক্ষিতে অনেকের পক্ষেই প্রথা মেনে কুরবানির পশু সংগ্রহ অসম্ভব হয়ে উঠেছে। উৎসব উপলক্ষে ছাগলের এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক বলেই মনে করছেন ক্রেতা এবং স্থানীয় বাসিন্দারা। সাধারণ অবস্থায় যে ছাগল বিক্রি হতো ৭ হাজার টাকায় এখন সেই ছাগলের দাম উঠেছে ১৫ হাজার টাকা পর্যন্ত। ১০ হাজারের ছাগলের দাম উঠেছে ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা। ফলে, মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারগুলের পক্ষে কুরবানির জন্য ছাগল কেনা অসম্ভব হয়ে উঠেছে।
ছাগলের দাম ছাড়াল ১ লক্ষ টাকা!
ধুবড়ির বাজারে বিশেষ প্রজাতির ছাগলের দাম এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। ধুবড়ির বাজারে ছাগলের এই আকাশছোঁয়া দাম কেউ কখনও দেখেনি। স্থানীয় এক বাসিন্দা বলেন, গরুর কুরবানি বন্ধের সিদ্ধান্তের জেরে হঠাৎ করেই দাম বেড়েছে ছাগলের। ছাগলের দাম আকাশছোঁয়া হয়ে পড়ায় মাংসের বাজারে হাহাকার। মাংস বিক্রেতারা সাময়িকভাবে কারবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আগে থেকেই অত্যাবশ্যক সামগ্রীর দাম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। কয়েক দফায় বেড়েছে পেট্রোপণ্যের দামও। তারই মধ্যে ঈদের উৎসবে কুরবানির পশু হিসেবে ছাগল-ভেড়ার অস্বাভাবিক দাম বাড়ায় গুরুতর সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। অভিযোগ, বাজারের উপরে প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই। ফলে, ঈদের উৎসব সকলের পক্ষে সুখকর হয়ে ওঠেনি।