পৃথা দাশগুপ্ত, কলকাতা: রবিবার সকালে গল্ফগ্রিনে যুগলের দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য। গল্ফগ্রিনের অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে তরুণ-তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। একই ফ্ল্যাটে মদ্যপ অবস্থায় ছিলেন আরও দুই যুবক, তাঁদের গ্রেফতার করা হয়েছে। অরবিন্দ নগরের বহুতলের চার তলায় একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, গল্ফগ্রিনের ওই ফ্ল্যাটে গত চার মাস ধরে ভাড়া থাকতেন মৃত তরুণ এবং তরুণী। মৃত যুবকের নাম মহম্মদ দিলশাহ। বাড়ি তিলজলায়। তরুণীর বাড়ি রামগড়ে। আজ সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁদের দেহ।
প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, তাদের এক বন্ধু যুগলও মাঝে মধ্যে থাকতেন ওই ফ্ল্যাটে। আপাতত সেই তরুণ এবং তরুণীকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে নেশার জিনিস। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মদ্যপান করেছিলেন ওই তরুণ এবং তরুণী। তবে ঠিক কী কারনে মৃত্যু সেটা এখনো পরিষ্কার নয়। শনিবার রাতে এই তরুণীর বাড়িতে কোন পার্টি ছিল কিনা, বা তাদের আরও কোনও বন্ধু এসে রাতে ছিলেন কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।
প্রতিবেশীদের দাবি, তরুণ একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কী। তবে তাদের বন্ধুদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে গল্ফগ্রিন থানার তদন্তকারী আধিকারিকরা।