কথা রাখল সরকার, নিখরচায় মহিলাদের সরকারি বাসে যাত্রা শুরু

33

নিউজ ডেস্ক: কথা রাখল সরকার, খুশি মহিলারা। নিখরচায় সরকারি বাসে মহিলাদের যাত্রা শুরু। আজ থেকেই বিনামূল্যে মহিলাদের জন্য রাজ্যে শুরু সরকারি বাস পরিষেবা। শুধুমাত্র এসি এবং নন এসি লোকাল বাসই নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা পাবেন রাজ্যের সমস্ত মহিলা যাত্রী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই জানিয়েছিল, রাজ্যের সমস্ত মহিলা যাত্রীরা বাসে বিনামূল্যে চড়তে পারবেন ১ জুন থেকে। সেই মতো পরিবহণ দফতরও বিশেষ ব্যবস্থা করেছে।

মোট ১২টি নথির যে কোনও একটি নথি দেখাতে হচ্ছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট। পেনশন পরিচয়পত্র, সরকারি বা পিএসইউ কর্মীদের অফিসিয়াল আইডি, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রও গ্রহণ করা হবে। তারপরেই মহিলাদের জিরো ভ্যালু টিকিট দেবেন কনডাক্টররা। এদিকে, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যের সুযোগকে ‘নারীশক্তির জয়’ বলে উল্লেখ করে এক্স মাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক্স পোস্ট

এবারের নির্বাচনী প্রতিশ্রুতিতেই বিজেপি জানিয়েছিল রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে কোনও ভাড়া লাগবে না। সেই মত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই সিদ্ধান্ত হয়, জুন মাস থেকে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত হবে। সেই পরিষেবাই শুরু হল আজ থেকে।