আগাম জামিনের আবেদন, আদালতের দ্বারস্থ অরূপ বিশ্বাস

19

পৃথা দাশগুপ্ত, কলকাতা: গত বছরের ডিসেম্বরে লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা। অবশেষে ইভেন্ট সম্পূর্ণভাবে শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন মেসি। সেই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর হয় বিধাননগর থানায়। ‌গ্রেফতারির আশঙ্কা করে বারাসত আদালতের দারস্থ অরূপ বিশ্বাস। আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় ডিসেম্বরেই গ্রেফতার হয়েছিলেন ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত।‌ পরে তিনি জামিন পান। রাজ্যে পালাবদলের পর শতদ্রু দত্ত প্রথমে বিস্ফোরক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ‌ তারপর অরূপ বিশ্বাস সহ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার এফআইআর দায়ের হয়। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিরুদ্ধে মোট ৫টি ধারায় এফআইআর হয়। অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)।

শতদ্রু দত্তের অভিযোগ, মেসির অনুষ্ঠানের প্রচুর টিকিট তাঁর কাছ থেকে নিয়েছিলেন অরূপ বিশ্বাস।‌ টিকিট দেওয়া না হলে বা তাঁর কথা না শুনলে অনুষ্ঠান বন্ধের হুমকিও দেওয়া হয়। শতদ্রু দত্তের দাবি, ২২ হাজার কমপ্লিমেন্টারি টিকিট নিয়েছিলেন অরূপ বিশ্বাস। পরে যা কালোবাজারি হয়। পুলিশের অনুমতি ছাড়া শুধুমাত্র প্রভাব খাটিয়ে অনেকে মাঠে প্রবেশ করেছিলেন।