পৃথা দাশগুপ্ত, কলকাতা: হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধ, কোনও বেআইনি নির্মাণ হয়নি। এই আবেদন জানিয়ে এবার আইনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরসভার পাঠানো নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাঁরা। পুরসভার নোটিস যাতে বাতিল করা হয়, সেই আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন তাঁরা। বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।
কিছুদিন আগেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় একের পর এক নোটিস পাঠানো হয়। পুরসভার নোটিস দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই আইনি টানাপড়েনের ঠিক এক সপ্তাহ আগে, কলকাতা পুরসভার কাছে অতিরিক্ত ১০ দিনের সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ্স অ্যান্ড বাউন্ডস। সংস্থার পক্ষ থেকে পুরসভার বিল্ডিং বিভাগকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছিল যে, নির্দিষ্ট কিছু সম্পত্তি সংক্রান্ত যে সমস্ত তথ্য বা নথি কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে, তা তারা দিতে সম্পূর্ণ প্রস্তুত। তবে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে জমা দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত কিছুটা সময় দেওয়া হোক। প্রয়োজনীয় সময় পেলেই যাবতীয় প্রামাণ্য তথ্য পুরসভার হাতে তুলে দেওয়া হবে।
পুরসভা সূত্রে খবর, মূলত কলকাতা পুর সংস্থার ৪০১ ধারায় নোটিস পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বাড়িগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত যাবতীয় শংসাপত্র এবং যদি কোনও অতিরিক্ত নির্মাণ হয়ে থাকে, তবে তার আইনি অনুমতির কাগজ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার কাছে অভিযোগ জমা পড়েছিল যে, কিছু কিছু ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে গিয়ে প্ল্যান বহির্ভূত অতিরিক্ত নির্মাণ করা হয়েছে
এবার এই জল গড়িয়ে গেল কলকাতা হাইকোর্টে।