
স্টাফ রিপোর্টার, নতুন দিল্লি: চারদিনের সফরে নতুন দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বিভাগের মন্ত্রীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অসম মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী সহ একাধিক নেতার সঙ্গে। মুখ্যমন্ত্রীর এই সফরে শ্রীভূমি জেলায় জাতীয় সড়ক সংস্কারে ৪৩ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সড়ক পরিবহন বিভাগ। শ্রীভূমি শহরের পেট্রোলপাম্প পয়েন্ট থেকে সুতারকান্দি জাতীয় সড়কের সংস্কারের জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে। এই অর্থ বরাদ্দ হওয়ায় বড় স্বস্তি পেলেন শ্রীভূমি শহরের বাসিন্দারা। শীঘ্রই শুরু হবে জাতীয় সড়কের মেরামতীর কাজ।