অরূপ বিশ্বাসকে তলব, সমন পাঠাল বিধাননগর দক্ষিণ থানা

14

পৃথা দাশগুপ্ত, কলকাতা: লিয়োনেল মেসিকে আনার মেগা ইভেন্ট এবং যুবভারতী ক্রীড়াঙ্গন বিতর্কের ঘটনায় এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সমন পাঠাল বিধাননগর দক্ষিণ থানা। আগামী ৫ জুন তাঁকে সশরীরে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। আগাম জামিনের আবেদন জানিয়ে আগেই বারাসত আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরূপ বিশ্বাস।

যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা ছড়ায়। এবার তারই পরিপ্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রীকে তলব বিধাননগর দক্ষিণ থানার। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয়েছিল মামলা।

ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছিলেন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তিনি ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ, ব্যবসায়িক ক্ষতি ও মানহানির দেওয়ানি মামলা দায়ের করবেন। এই মামলার তালিকায় অরূপ বিশ্বাসের পাশাপাশি রয়েছেন তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস সহ আর‌ও কয়েকজন। শতদ্রুর অভিযোগ, এই ব্যক্তিদের সুপরিকল্পিত ঘটনার ফলে তাঁর ব্যক্তিগত জীবনের শান্তি, ব্যবসার ক্ষতি হয়েছে। সমস্ত তথ্য, একাধিক নথি, সিসিটিভি এবং ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়েছে থানায়।

শতদ্রু দত্তের উদ্যোগে ফুটবলার লিওনেল মেসি, লুই সুয়ারেজ এবং রডরিগো ডি’পল কলকাতায় এসেছিলেন। যুবভারতীতে আয়োজিত সেই অনুষ্ঠানের টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনা ছিল। অভিযোগ, বিপুল চাহিদার সুযোগে কালোবাজারিতেও টিকিট বিক্রি হয়েছিল। যার মাস্টারমাইন্ড ছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু অনুষ্ঠান চলাকালীন চরম বিশৃঙ্খলা হয়। গ্যালারির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে বহু দর্শক মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।‌ গ্রেফতার হন আয়োজক শতদ্রু দত্ত।