বিধানসভায় হিন্দুর কণ্ঠশ্বর হবে কংগ্রেস: ওয়াজেদ আলি চৌধুরী

19

স্টাফ রিপোর্টার: অসম কংগ্ৰেসের পীঠে রয়েছে সংখ্যালঘু প্ৰীতির ট্যাগ। ভবিষ্যতে থাকবে না সেই অপবাদ। এমনই অঙ্গীকারের কথা জানালেন বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরী।

১২৬ আসনের অসম বিধানসভায় কংগ্রেস পেয়েছে ১৯টি আসন। প্রথমে সবাই ভেবেছিলেন, এবার সদনে বিরোধী দলনেতার আসন হারাবে কংগ্রেস। অবশ্য পরে সদনে সেই মর্যাদা লাভ করতে সক্ষম হয় কংগ্রেস। অনেক কাঠখড় পুড়িয়ে বিরোধী দলনেতা নির্বাচিত হন ওয়াজেদ আলি চৌধুরী। এই মুহূর্তে কংগ্রেসে একমাত্র তিনিই সবচেয়ে প্রবীণ বিধায়ক। টানা ছয়বার বিধানসভায় জয়ী হয়েছেন। তাই অভিজ্ঞতার নিরিখে বিরোধী দলনেতার মর্যাদা পান ওয়াজেদ আলি। বুধবার প্রথম সাংবাদিক সম্মেলনে একাধিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। বিশেষ করে কংগ্রেসের পীঠে যে সংখ্যালঘু দলের ট্যাগ লেগেছে, সেই অপবাদ দূর করতে পদক্ষেপ নেবেন বলে জানান ওয়াজেদ আলি। একই সঙ্গে তিনি বলেন, ‘বিধানসভায় হিন্দুর কণ্ঠশ্বর হবে কংগ্রেস।’

গত বিধানসভা নির্বাচনে ১৯টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। এরমধ্যে ১৮ জন বিধায়কই সংখ্যালঘু সম্প্রদায়ের। ফলাফল ঘোষণার পর থেকেই কংগ্রেসকে মিঞার দল বলে ব্যাপক প্রচার শুরু করে গেরুয়া শিবির। যা কংগ্রেসের মতো দলের জন্য মোটেই শুভ নয়। বিষয়টি বুঝতে পেরেছেন খোদ বিরোধী দলনেতা। তাই প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘বিধানসভায় আমি হিন্দুদের সমস্যা নিয়ে সরব থাকব।’

সাংবাদিক সম্মেলনে কংগ্ৰেস বিধায়ক আব্দুর রহিম আহমেদ বলেন, ‘অসমের জনগণের হয়ে সব উজার করে কথা বলতে প্রস্তুত কংগ্ৰেস। ভূমিপুত্রদের হয়ে কথা বলতে বাধা কোথায়? আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলব।’