পৃথা দাশগুপ্ত, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণকাণ্ডের জের। তদন্তে এবার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে অভিযান চালাচ্ছে। তবে শওকত মোল্লা বাড়িতে নেই। তাই এনআইএ শওকতের পার্টি অফিসে গিয়ে তল্লাশি শুরু করেছেন। এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের টিম।
এনআইএ সূত্রে খবর, গত মার্চ মাসে ভাঙড়ে ভয়াবহ বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মজুত করা ছিল প্রচুর বোমা। তা থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
শওকত মোল্লার দেখা না পাওয়া গেলেও, তদন্তকারী আধিকারিকরা তাঁর পার্টি অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শওকত মোল্লার ছেলের সঙ্গে কথা বলার পর তাঁকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।