মিস্টু দত্ত, শ্ৰীভূমি: শ্ৰীভূমি জেলার পাথারকান্দির নলুগাঁওয়ে দলবদ্ধভাবে সশস্ত্র আক্রমণের ঘটনায় গ্রেফতার ৪। গত ২ জুন পাথারকান্দি শহর লাগোয়া নলুগাঁওয়ের ওই ঘটনায় এয়ারগানও ব্যবহার করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পাথারকান্দি পুলিশ এয়ারগান ব্যবহারকারী মূল অভিযুক্ত সহ ৪ জনকে চিহ্নিত করে গ্রেফতার করে।

নলুগাঁও এলাকায় গরুচোর অপবাদে ২ যুবককে একদল দুষ্কৃতী ভয়ঙ্কর আক্রমণ চালায়। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওতে দেখা যায় একদল লোক ২ যুবককে মারধর করছিল। বিষয়টো প্ৰশাসনের নজরে পড়ায় সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ভাইরাল সেই ভিডিওর সূত্রে দুষ্কৃতীদের চিহ্নিত করে চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শ্যামল সিনহা, মন্থন সিনহা, দুদুমণি সিনহা এবং ভাস্কর সিনহা বলে শনাক্ত শনাক্ত করা হয়েছে। এখবর পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলে পাঠানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, পুরনো কোনও বিবাদের জেরে এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনা কিনা।
দোষীদের কঠোর শাস্তির দাবি বিধায়কের
দলবদ্ধ আক্রমণের ওই ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। শিলচর মেডিক্যাল কলেজে গিয়ে গুরুতর আহত ২ যুবকের শারীরিক অবস্থার খোঁজ নেন বিধায়ক আমিনুল হক লস্কর। ২ যুবকের উপরে বৰ্বরোচিত আক্রমণের ঘটনার তীব্ৰ ভাষায় নিন্দা করেন আমিনুল। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
উল্লেখ্য, পাথারকান্দির নলুগাঁওয়ে গরুচোর অপবাদে ওই দলবদ্ধ আক্রমণের ঘটনা ঘটে। ধারালো অস্ত্ৰ, লাঠি এবং লোহার রড দিয়ে যুবকদের উপরে আক্ৰমণ চলে। এমনকি, আক্রান্তদের লক্ষ্য করে এয়ারগানের গুলিও চালানো হয়। এই ভয়ানক আক্ৰমণে গুরুতর আহত হয়ে ২ যুবক শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্ৰ করে বরাক উপত্যকায় তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।