বোমা বাঁধার ‘মাস্টারমাইন্ড’ শওকত, দাবি এনআইএ-র

34

পৃথা দাশগুপ্ত,কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির মাস্টারমাইন্ড হলেন শওকত মোল্লা। অভিযোগ, তিনিই অন্য অভিযুক্তদের ভাঙরে বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। গতকাল বিকেলে শওকত মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। এরপর থেকে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিধানসভা নির্বাচনের আগে বোমা তৈরির সময় একটি দেশি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় যিনি বোমা বাঁধছিলেন, তাঁর মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর জখম হন। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের থেকে এই মামলার তদন্তের দায়িত্ব নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। সেই মামলার তদন্তে নাম উঠে আসে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের তৃণমূ প্রার্থী শওকত মোল্লার।

এরপরই গত পরশু ভাঙড়ে শওকতের বাড়িতে হাজির হন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে শওকত সে সময় বাড়িতে ছিলেন না। পরে তাঁর মেয়ে ও স্ত্রী তদন্তকারী সংস্থাকে জানায়, শওকত ফিরলেই তাঁকে আত্মসমর্পণের পরামর্শ দেবেন তাঁরা। শওকতকে পলাতকও ঘোষণা করে দেয় এনআইএ। শুক্রবার বিকেলে বাইপাস থেকে শওকত মোল্লাকে গ্রেফতার করেছে এন আই এ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনায় ধৃত ৪ অভিযুক্তের মধ্যে শওকত মোল্লাই ছিলেন মাস্টারমাইন্ড । অভিযোগ, তিনিই অন্য অভিযুক্তদের বোমা তৈরি করতে বলেন। শুধু তাই নয়, বিস্ফোরণের পর ঘটনাস্থলের তথ্য-প্রমাণ নষ্ট করার জন্যও তিনিই সহযোগীদের নির্দেশ দিয়েছিলেন তিনি।

শওকত মোল্লার বাড়ি সহ মোট ৮টি জায়গায় তল্লাশি চালানো হয়। আটক করা হয় তাঁর ছেলেকেও। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়।এন আই এ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা খোঁজ নেওয়া হচ্ছে।